সবগুলো কাজই ভালো হয়েছে: তানিন
তানিন তানহা
লাক্স তারকা অভিনেত্রী তানিন তানহা। দীর্ঘ সময় ঘরবন্দি থাকার পর গত ১ জুন থেকে শুটিংয়ে ফিরেছেন তিনি। বর্তমানে ঈদুল আজহার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
ঈদুল আজহায় তানিন অভিনীত বেশ কিছু নাটক প্রচার হবে। এর মধ্যে উল্লেখযোগ্য নাটকগুলো হলো—শোয়েব সাদিক সজিব নির্মিত ‘প্রবাসী ভাবি’, তানভীর তন্ময় পরিচালিত ‘ঘর জামাই পর জামাই’, বর্ণ নাথ পরিচালিত ‘কোটিপতি জামাই’, ‘লাভার জামাই’, সোহাগ কাজী নির্মিত ‘চোরের বিয়ে’।
তানিন তানহা রাইজিংবিডিকে বলেন—একই ঘরানার গল্পের নাটকে এবার কাজ করিনি। গল্প বাছাইয়ের ক্ষেত্রে চেষ্টা করেছি প্রত্যেকটি নাটকের গল্প যেন ভিন্ন ভিন্ন ঘরানার হয়। সবগুলো নাটকের কাজই ভালো হয়েছে। আশা করছি, ঈদ অনুষ্ঠানে দর্শকরা নাটকগুলো দেখে আনন্দ পাবেন।
স্ত্রীকে রেখে স্বামী বিদেশে যাওয়ার পর সে কোন ধরনের সমস্যার মুখোমুখি হয়ে থাকে তা নিয়ে গড়ে উঠেছে ‘প্রবাসী ভাবি’ নাটকের গল্প। ছেলেরা যখন ঘর জামাই থাকে তখন তার শ্বশুর-শ্বাশুড়ি কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তা নিয়ে ‘ঘর জামাই পর জামাই’ নাটকের কাহিনি। অনেক সময় বাবা-মায়ের ইচ্ছা থাকে মেয়েকে বড় লোক ছেলের কাছে বিয়ে দেবেন। এক্ষেত্রে তারা যে ভুল করেন তা নিয়ে ‘কোটিপতি জামাই’ নাটকের গল্প এগিয়েছে।
এসব নাটকে তানিনের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন—প্রাণ রায়, রাজু, শাহেদ, নয়ন বাবু প্রমুখ। গাজীপুরের খামার বাড়ি, পুবাইল, বছিলা, উত্তরার বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল আজহায় একাধিক বেসরকারি টেলিভিশন ও ইউটিউবে মুক্তি পাবে এসব নাটক।
বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে তানিন অভিনীত ধারাবাহিক নাটক ‘মান অভিমান’। এছাড়া নাগরিক টিভিতে খুব শিগগির প্রচার শুরু হবে তার অভিনীত নতুন ধারাবাহিক ‘গুগল ভিলেজ’ নাটকটি। ফজলুল সেলিম পরিচালিত এ নাটকে আরো অভিনয় করেছেন—আ খ ম হাসান, সাজু খাদেম, ফারুক আহমেদ, মনিরা মিঠু প্রমুখ।
‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তানিন। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘প্রিয়াঙ্কা’। গত বছরের শেষের দিকে চলচ্চিত্রটির শুটিং শেষ করেছেন। ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ চলচ্চিত্রে অভিনয় করছেন তানিন। সরকারি অনুদানের এ সিনেমা পরিচালনা করছেন হোসনে মোবারক রুমি। এছাড়া অভিনেতা মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ সিনেমায় অভিনয় করছেন তানিন। এটিও সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।
ঢাকা/শান্ত
রাইজিংবিডি.কম