ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লতা মঙ্গেশকরের সান্নিধ্যে আঁখির আড়াই ঘণ্টা

প্রকাশিত: ১৩:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৫:২১, ৬ ফেব্রুয়ারি ২০২২
লতা মঙ্গেশকরের সান্নিধ্যে আঁখির আড়াই ঘণ্টা

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ২৭ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর আজ রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান। 

সংগীতের নক্ষত্র এই গায়িকার সান্নিধ্য পেয়েছিলেন বাংলাদেশের গায়িকা আঁখি আলমগীর। ২০১৭ সালে তার বাসায় গিয়েছিলেন আঁখি আলমগীর।

আরো পড়ুন:

সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে আঁখি আলমগীর বলেন, ‘একটি সিনেমার গান রেকর্ডিং এর জন্য আমরা ভারতে গিয়েছিলাম। রেকর্ডিং এর আগে আগে লতাজির সঙ্গে দেখা করার সুযোগটা হয়েছিল। আর সেটা করে দিয়েছিলেন রুনা আন্টি (রুনা লায়লা)। ২৬ মার্চ অস্ট্রেলিয়ায় আমার একটা শো ছিল। তার সঙ্গে দেখা করার জন্য সেই শোটা ছেড়ে দিয়েছিলাম। কারণ দেখা করার তারিখ ছিল ২৭ মার্চ। শো করে ভারতে গিয়ে দেখা করা কঠিন ছিল। তাই শো ছেড়ে দিয়ে ভারতে চলে যাই। লতাজির সঙ্গে দেখা করার আগের রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। আমি যে লতাজির কি পরিমাণ ভক্ত সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। ছোটবেলায় উনার গান ক্যাসেট প্লেয়ার ও রেডিওতে শুনে শুনে মুখস্ত করে ফেলতাম। অনেকেই হয়তো তার ভক্ত কিন্তু আমার মতো এতটা কাছে যাওয়ার সুযোগ কয়জন পায়! আমি সেই সুযোগটা পেয়ে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না।’

আঁখি আরো বলেন, ‘লতাজি আমাদের সময় দিয়েছিলেন ২৭ মার্চ বিকেল ৪ টায়। কথা ছিল ৩০ মিনিট সময় দেবেন। কিন্তু তিনি আমাদের অবাক করে দিয়ে আড়াই ঘণ্টা সময় দিলেন। বলা যায় এই সময়টা আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলোর একটি। আমাকে উনার সঙ্গে পরিচয় করিয়ে দেন রুনা আন্টি। এরপর পুরোটা সময় আমি তার হাত ধরে পায়ের কাছে বসেছিলাম। যদিও লতাজি বারবার আমাকে উনার পাশে সোফায় বসাতে চাইছিলেন, কিন্তু আমি মেঝেতে উনার পায়ের কাছেই বসেছিলাম। লতাজির বাসা থেকে বের হওয়ার সময় তিনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। তখন আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিল।’

ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়