ঢাকা     শুক্রবার   ২৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৪ ১৪৩২ || ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুক্তরাজ্যের ঐতিহাসিক হাউজ অব কমন্সে বাংলা গানের প্রকাশনা উৎসব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ২৭ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৫০, ২৭ মার্চ ২০২৬
যুক্তরাজ্যের ঐতিহাসিক হাউজ অব কমন্সে বাংলা গানের প্রকাশনা উৎসব

যুক্তরাজ্যের ঐতিহাসিক হাউজ অব কমন্সে অনুষ্ঠিত হলো বাংলা গানের ব্যতিক্রমী এক আয়োজন। উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান, কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের দ্বৈত বাংলা গান ‘প্রেম পিয়াসা’–এর জমকালো প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় এই আয়োজনে।

অনুষ্ঠানটির আয়োজন করেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রুথ ক্যাডবেরি (এমপি) এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ। এদিন, সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ওস্তাদ রাহাত ফতেহ আলী খান এবং তার ছেলে শাহ জামান খানকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওস্তাদ রাহাত ফতেহ আলী খান, শাহ জামান খান, বাংলা গানের জনপ্রিয় শিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবর, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার শিল্পী ধ্রুব গুহসহ ব্রিটিশ পার্লামেন্টের একাধিক এমপি, হাউজ অব কমন্সের সদস্যবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) গানটি প্রকাশ করেছে। ‘প্রেম পিয়াসা’ গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ, আর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ওস্তাদ রাহাত ফতেহ আলী খান বলেন, “রাজা কাশেফ এবং রুবাইয়াত জাহানের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। বাংলা গানের প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে। ‘প্রেম পিয়াসা’ সেই ভালোবাসারই প্রকাশ। আমাকে এবং আমার ছেলেকে সম্মানিত করায় ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ।”

আসিফ আকবর বলেন, “এই আয়োজনের মাধ্যমে বাংলা গান বিশ্বমঞ্চে আরও একধাপ এগিয়ে গেল। এমন আন্তর্জাতিক মঞ্চে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত। এটি বাংলা গানের জন্য একটি নতুন মাইলফলক।”

এদিকে, ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)–এর কর্ণধার ধ্রুব গুহ বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই বাংলা গানকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। ‘প্রেম পিয়াসা’ সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

ডিএমএস জানায়, গানটির ভিডিও তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়