ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অল্পতেই রেগে যাচ্ছেন? মনোবিদদের পরামর্শ জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ১৫ মার্চ ২০২৬   আপডেট: ০৯:২৬, ১৫ মার্চ ২০২৬
অল্পতেই রেগে যাচ্ছেন? মনোবিদদের পরামর্শ জেনে নিন

কারও কথা মনের মতো না হলেই আচমকা রেগে যাচ্ছেন? এই অভ্যাস কিন্তু আপনাকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত জীবনেও পিছিয়ে দিতে পারে। এমনকি অতিরিক্ত রাগ শরীরের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হঠাৎ চিৎকার করা বা উঁচু গলায় কথা বলার সময় অনেকের হাত-পা কাঁপতে থাকে, কারও আবার বুক ধড়ফড় করতে শুরু করে।

মনোবিজ্ঞানীরা বলছেন, আচমকা রাগের পেছনে নানা কারণ থাকতে পারে। এর মধ্যে অন্যতম হলো মানসিক চাপ। ছোট থেকে বড়— পড়াশোনা, কাজের চাপ, পারিবারিক দায়িত্ব কিংবা শারীরিক অসুস্থতা— নানা কারণে আজকাল সব বয়সের মানুষের মধ্যেই মানসিক চাপ বাড়ছে। দীর্ঘদিন ধরে উদ্বেগ ও দুশ্চিন্তা চলতে থাকলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। এর ফলে অনেক সময় মানুষ অজান্তেই অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেন।

আরো পড়ুন:

বিশেষজ্ঞদের মতে, আত্মনিয়ন্ত্রণ বাড়াতে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা প্রাণায়াম বেশ কার্যকর। বেঙ্গালুরুর ফিজিওথেরাপিস্ট পালং ডেংরার মতে, মানসিক চাপ থাকলে মানুষের পক্ষে মেজাজ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

তিনি জানান, দীর্ঘদিনের দুশ্চিন্তার কারণে শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এর ফলে শরীরে মৃদু প্রদাহ তৈরি হতে পারে। তখন রক্তচাপ বেড়ে যাওয়া, হাত-পা কাঁপা, ঘাড়ে গরম স্রোতের অনুভূতি, মেজাজ হারিয়ে ফেলা কিংবা হজমের সমস্যা— এমন নানা উপসর্গ দেখা দেয়। ধীরে ও নিয়ন্ত্রিতভাবে শ্বাস নিলে মস্তিষ্ক ও স্নায়ু ধীরে ধীরে শান্ত হয় এবং কর্টিসলের মাত্রা কমতে শুরু করে। ফলে শরীরও স্বাভাবিক ছন্দে ফিরে আসে। মেজাজ নিয়ন্ত্রণে সহায়ক কিছু শ্বাসের ব্যায়াম সম্পর্কে জেনে নিন।

ডায়াফ্রাম ব্যায়াম
ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা হলো বুকের খাঁচার নিচে থাকা একটি গুরুত্বপূর্ণ পেশি, যা শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণে সাহায্য করে। এই ব্যায়ামের জন্য হাঁটু মুড়ে সোজা হয়ে বসতে হবে। তারপর নাক দিয়ে গভীর শ্বাস নিতে হবে এমনভাবে, যাতে পেট ফুলে ওঠে। ধীরে ধীরে শ্বাস নেওয়া ও ছাড়ার এই পদ্ধতি রক্তচাপ কমাতে এবং হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে সাহায্য করে। একে ‘পেটের শ্বাসের ব্যায়াম’ও বলা হয়।

বক্স ব্রিদিং
এই পদ্ধতিতে প্রথমে ধীরে ধীরে শ্বাস নিতে হয়, তারপর কয়েক সেকেন্ড শ্বাস ধরে রাখতে হয়। এরপর ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিতে হয়। নিয়মিত এই ব্যায়াম করলে আচমকা রাগ বা উত্তেজনা অনেকটাই নিয়ন্ত্রণে আসে। এটি স্নায়বিক উত্তেজনা দ্রুত কমাতেও সাহায্য করে।

নাক দিয়ে বিকল্প শ্বাসের ব্যায়াম
এই ব্যায়ামে নাকের এক পাশ আঙুল দিয়ে বন্ধ রেখে অন্য পাশ দিয়ে শ্বাস নিতে হয়। তারপর যে পাশ দিয়ে শ্বাস নেওয়া হয়েছে সেটি বন্ধ করে অন্য পাশ দিয়ে শ্বাস ছাড়তে হয়। নিয়মিত এই প্রাণায়াম অনুশীলন করলে মানসিক চাপ ও উদ্বেগ কমে। পাশাপাশি ফুসফুসের কার্যক্ষমতাও বাড়ে।

নিয়মিত এসব শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম অভ্যাস করলে ধীরে ধীরে মনের স্থিরতা বাড়ে এবং হঠাৎ রাগের প্রবণতাও কমে যায়।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়