যুবলীগের যুবজাগরণ ১৫ নভেম্বর
এনআর || রাইজিংবিডি.কম
বাংলাদেশ আওয়ামী যুবলীগের লোগো
নিজস্ব প্রতিবেদক : যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের যুবজাগরণ পুনর্মিলনীর সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর।
এদিন দুপুর দুইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
এ ছাড়া ১১নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাত ১২টা এক মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্বলন এবং শপথ গ্রহণ করবেন যুবলীগের কেন্দ্রীয় নেতারা।
এরপর সকাল আটটায় বনানীর বুদ্ধিজীবি কবরস্থানে পুষ্পার্ঘ অর্পন, শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মাহফিল। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নিজ নিজ এলাকায় যুবলীগের সব ইউনিট নানা কর্মসূচি পালন করবে।
রোববার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা যুবলীগ আয়োজিত প্রতিনিধি সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, ১৯৭৩ সালের ১১ নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শহীদ শেখ ফজলুল হক মনির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর যুবলীগ এই দিনটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করে।
রাইজিংবিডি/ঢাকা/১০ নভেম্বর ২০১৪/এনআর/নওশের
রাইজিংবিডি.কম