ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিএনপির ষষ্ঠ কাউন্সিলের লোগো উন্মেচন

রেজা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ১০ মার্চ ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির ষষ্ঠ কাউন্সিলের লোগো উন্মেচন

নিজস্ব প্রতিবেদক : ‘দুর্নীতি দু:শাসনের হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ষষ্ঠ কাউন্সিলের লোগো উন্মেচন করেছে বিএনপি।

 

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে একটি রেস্টেুরেন্টে এই লোগো উন্মেচন করে কাউন্সিলের ব্যবস্থাপনা ও প্রচার উপ কমিটি।

 

এ সময় কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মিন্টুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

বিএনপির ষষ্ঠ কাউন্সিলের লোগোতে দেখা যায়, মহান স্মৃতিসৌধের ডান পাশে এক যুবক বাংলাদেশের পতাকা দৃঢ়চিত্তে হাতে উচিয়ে ধরেছে এবং বামদিকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ রয়েছে।

 

লোগো উন্মেচন অনুষ্ঠানে কাউন্সিল উপলক্ষে বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা আলাদাভাবে তাদের সংগঠনের স্লোগান ও ভাবনা পৃথকভাবে তুলে ধরেন।

 

ছাত্রদলের স্লোগান- ‘বাচঁতে চাই, পড়তে চাই; দুর্নীতি মুক্ত দেশ চাই’, যুবদলের স্লোগান-‘  তারুণ্যে যারা অকুতভয়, তারই আনবে সূর্যোদয়’ স্বেচ্ছাসেবক দলের স্লোগান- ‘আলোচনার দিন দূরে নয়, করতে হবে আধার জয়’, শ্রমিকদলের স্লোগান- ‘শ্রম দিয়ে শিল্প গড়বো, দেশের আধার ঘুচিয়ে দেব’, মহিলাদলের স্লোগান-‘চেতনায় নারী বিপ্লবে নারী, গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’, মুক্তিযোদ্ধা দলের স্লোগান- ‘মুক্তিযুদ্ধের মূলমন্ত্র, মুক্ত কর গণতন্ত্র’, কৃষক দলের স্লোগান- ‘ফলাবো ফসল, গড়বো দেশ, গণতন্ত্রের বাংলাদেশ’, ওলামা দলের স্লোগান-‘ জিয়ার আদর্শে দেশ গড়বো, ধর্মীয় স্বাধীনতা বজায় রাখবো’, তাঁতীদলের স্লোগান- ‘শক্ত হাতে বাধবো তাঁত, কাটাতে হবে আঁধার রাত’, জাসাসের স্লোগান- ‘গাইবো মোরা গণতন্ত্রের গান, দু:শাসনের হবেই অবসান’, মৎসজীবি দলের স্লোগান- ‘জালের টানে ঘুঁচবে আধার, বাংলাদেশ হবে সবার’।

 

অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষে পৃথকভাবে ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, যুবদলের সহ সভাপতি আবদুস সালাম আজাদ, মহিলা দলের শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মনির হোসেন, শ্রমিক দলের আনোয়ার হোসেন, জাতীয়তাতাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক মনির খান, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ তুলে ধরেন।

 

এ সময়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য শ্যামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ কাউন্সিলকে সামনে রেখে এরই মধ্যে পুরোদমে কাজ শুরু করেছে বিএনপি। এরই মধ্যে দলের চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমান পুনর্নির্বাচিত হয়েছেন।

 

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর দল পুনর্গঠন করে বিএনপি। ২০০৯ সালের জুন মাসে একসঙ্গে ৭২টি সাংগঠনিক জেলা কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি করা হয়। ওই বছর ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় কাউন্সিল। পরের বছর জানুয়ারিতে গঠন করা হয় ৩৮৬ সদস্যবিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি। তিন বছর মেয়াদি কমিটির সময় আড়াই বছর আগেই শেষ হয়েছে। এর আগে দুই দফা কাউন্সিল করার প্রস্তুতি নিলেও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে শেষ পর্যন্ত সম্ভব হয়নি।

 

১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার পর প্রথম কাউন্সিল হয়। দ্বিতীয় কাউন্সিল হয় ১৯৮২ সালের ফেব্রুয়ারিতে। আর এর আট বছর পর ১৯৮৯ সালের ৮ ও ৯ মার্চ অনুষ্ঠিত হয় তৃতীয় কাউন্সিল। ১৯৯৩ সালের ১, ২ ও ৩ সেপ্টেম্বর বিএনপি চতুর্থ কাউন্সিল করে। সর্বশেষ ২০০৯ সালের ৮ ডিসেম্বর হয় পঞ্চম কাউন্সিল।




রাইজিংবিডি/ঢাকা/১০ মার্চ ২০১৬/রেজা/নওশের

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়