ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাঠে ফিরে কী ধরনের অনুশীলন করবে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ১৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মাঠে ফিরে কী ধরনের অনুশীলন করবে টাইগাররা

লম্বা সময় ধরে সবুজ ঘাসের ছোঁয়া থেকে দূরে মুশফিকুর রহিম; ব্যাট-বলের অনুশীলনও বন্ধ। জাতীয় দলের সব ক্রিকেটারের কাছে এটা যেন অসম্ভব কল্পনা। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে সেটি সত্য হয়ে ধরা দিলো। শুধু মুশফিক নয় সকল ক্রিকেটারের জন্যই।

তবে মাসখানেক আগে মাঠে গিয়ে একাকী ঐচ্ছিক অনুশীলনের জন্য অনুমতি চেয়েছিলেন মুশফিক। তবে মাঠ ক্রিকেটারদের জন্য পুরোপুরি প্রস্তুত করার আগে কোনো প্রকারের ঝুঁকি নিতে রাজি হয়নি বিসিবি। আর তাই দেশের আটটি স্টেডিয়ামকে সম্পূর্ণ জীবাণুনাশকের পাশাপাশি প্রস্তুত করেছে বিসিবি। অবশেষে কাল (১৯ জুলাই) থেকে অনুশীলনের জন্য মাঠে ফিরছে ক্রিকেটাররা। তবে ঐচ্ছিক অনুশীলনের জন্য ফিরবেন মুশফিকসহ মাত্র ৯ জন ক্রিকেটার। আর মাঠে কি কি অনুশীলন করবেন ক্রিকেটাররা? বিসিবির দেওয়া রুটিনে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি স্কিল ট্রেনিংয়ের কথা বলা আছে।

যেখানে ব্যাটসম্যানদের ব্যাটিং অনুশীলন, রানিং এবং জিমের কথা উল্লেখ আছে। ক্রিকেটাররা পালাক্রমে এসে এই অনুশীলন চালিয়ে যাবেন। ঢাকায় মিরপুরের ক্রিকেট একাডেমি মাঠে হবে অনুশীলনের সুযোগ। মাঠে রানিং করলেও ক্রিকেটাররা ব্যাটিং অনুশীলন করবেন ইনডোরে। এছাড়াও ক্রিকেটারদের জিম সুবিধাও দেওয়া হবে।

মিরপুরে মোট চারজন ক্রিকেটার অনুশীলন করবেন। তারা হলেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, ইমরুল কায়েস এবং শফিউল ইসলাম। এদের মধ্যে তিন ব্যাটসম্যান এক ঘণ্টার মতো করে ফিটনেস ট্রেনিং এবং ব্যাটিং অনুশীলন করবে। আর শফিউল কেবল ফিটনেস ট্রেনিংই করবে। জেলা পর্যায়ের ক্রিকেটারদের ক্ষেত্রেও একই নিয়ম রেখেছে বিসিবি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গত সপ্তাহে জানিয়েছিলেন, স্বাস্থ্যবিধিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তারা। অনুশীলন ব্যবস্থাপনার খুঁটিনাটি গুরুত্ব সহকারে দেখছে বিসিবি। তার প্রমাণ পাওয়া যায় সময়সূচীতে লক্ষ্য করলেই। প্রত্যেক ক্রিকেটারের অনুশীলন শেষে ন্যূনতম ২০ মিনিট সময় রাখা হয়েছে জীবাণুনাশক কার্যক্রম চালানোর জন্য।

মিরপুর ছাড়াও সিলেটে পেসার খালেদ এবং স্পিনার নাসুম আহমেদ, খুলনায় মিরাজ এবং সোহান ও চট্টগ্রামে নাঈম হাসান অনুশীলনে নামবে কাল থেকে। যা চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়