ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হ্যান্ডশেক- স্পোর্টসম্যানশিপ কী ফিরবে ভারত-পাকিস্তান ম্যাচে?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৫২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
হ্যান্ডশেক- স্পোর্টসম্যানশিপ কী ফিরবে ভারত-পাকিস্তান ম্যাচে?

ভারত ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বাকি নেই ২৪ ঘণ্টা। অনেক তর্জন-গর্জন, অনেক নাটকের পরিসমাপ্তি হয়েছে। আলোচনা-সমালোচনা শেষে দুই দল আবার ২২ গজে মুখোমুখি হওয়ার অপেক্ষায়।

মাঠে নামা নিশ্চিত হলেও দুই দল ‘হ্যান্ডশেক’ করবেন কী না তা নিয়ে এখনোি সিদ্ধান্তে আসতে পারেনি কেউ। শেষ তিনটি মুখোমুখিতেই টসের সময় দুই দলের অধিনায়ক একে অপরকে এড়িয়ে গেছেন। ম্যাচ শেষে দুই দল দেখান-নি স্পোর্টসম্যানশিপ। এবার কী বৈরিতা ভুলে স্পিরিট অব দ্য গেম দেখাবেন তারা? স্পোর্টসম্যানশিপ কী ফিরবে দুই দলের লড়াইয়ে? উত্তরটা এড়িয়ে গিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা খান।

আরো পড়ুন:

আগামীকালের ম্যাচকে সামনে রেখে শনিবার দুপুরে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করেছে পাকিস্তান। ভারত নামবে সন্ধ্যা ৬টায়। দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল ২০২৫ সালে এশিয়া কাপ ফাইনালে।

ম্যাচের আগে অধিনায়করা হ্যান্ডশেক করেননি। ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর এসিসির প্রধান পাকিস্তানের মহসিন নাকভি হওয়ায় তার থেকে পুরস্কার গ্রহণ করেননি। বাধ্য হয়ে নাকভি ট্রফি নিয়ে চলে যান। ভারত শিরোপা ছাড়াই করে উৎসব। এসব নিয়ে আইসিসি বৈঠকেও হয়নি কোনো সুরহা।

ভালো বিষয়, লম্বা সময় পর তারা দুই দল মাঠে নামছে। এবার কী বৈরিতা ভোলা সম্ভব? সালমান আগা বললেন, ‘‘আমরা আগামীকাল এটি সম্পর্কে দেখব।’’

তবে ক্রিকেট মাঠে খেলার স্পিরিট এবং স্পোর্টসম্যানশিপ দেখানোর পক্ষে পাকিস্তানের অধিনায়ক, ‘‘ক্রিকেট সঠিক চেতনায় খেলা উচিত। আমার ব্যক্তিগত মতামত হয়তো গুরুত্বপূর্ণ নয়। কিন্তু ক্রিকেট যেভাবে খেলা হয়ে আসছে, সেই অনুযায়ী খেলা উচিত।’’

এদিকে পিটিআই এক প্রতিবেদনে বলছে, ভারতের ক্রিকেট মহলে হ্যান্ডশেক নিয়ে কোনো ভাবনাই নেই। ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তারা যা বলবেন তারা সেটাই অনুসরণ করবেন। সোশ্যাল মিডিয়ায় জনসাধারণের তীব্র মনোভাব সম্পর্কে দলের মধ্যেও সতর্কতা রয়েছে, কারণ আবেগ এখনও আগের মতোই তরতাজা।

এদিকে এই প্রেক্ষাপটে পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজের মন্তব্য—‘‘ওভাবে যদি ম্যাচ হয়, তাহলে আমি খেলাই দেখতে চাই না! ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা থাকুক, কিন্তু শত্রুতা নয়।’’

  

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়