ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অপহৃত বাবাকে ফিরে পেতে লিভারপুলের ফুটবলারের আর্তি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ৭ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:২০, ৭ নভেম্বর ২০২৩
অপহৃত বাবাকে ফিরে পেতে লিভারপুলের ফুটবলারের আর্তি

বেশ কয়েকদিন আগে অপহৃত হয়েছেন লিভারপুলের হয়ে খেলা কলম্বিয়ান ফুটবলার লুইস দিয়াজের বাবা-মা। মাকে ফেরত পেলেও বাবার কোনোভাবেই ফেরত পাননি দিয়াজ। বাবাকে না পাওয়ার শোক নিয়েই মাঠে নেমেছিলেন এই তারকা। মাঠে নেমেই পেয়েছেন গোল। বাবাকে ফেরত পেতে জানিয়েছেন আর্তি।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার (৫ নভেম্বর) লুটন টাউনের বিপক্ষে ১-১ ড্র করে লিভারপুল। শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়ে লিভারপুল। তবে হার দেখতে হয়নি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সমতাসূচক গোল করে দলকে ১ পয়েন্ট এনে দেন দিয়াজ।

আরো পড়ুন:

গোল করেই এক অন্যরকম উদযাপন করেন দিয়াজ। গোলের পর জার্সি উঁচিয়ে ভেতরের টি-শার্ট মেলে ধরেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড। যেখানে স্প্যানিশে ভাষায় লেখা ছিল, ‘লিবার্টাড পারা পাপা’। যার বাংলা অর্থ করলে হয় ‘বাবার মুক্তির জন্য।’

গত ২৮ অক্টোবর দিয়াজের বাবা-মা অপহৃত হন। অবশ্য দ্রুতই তার মাকে উদ্ধার করা হয়, কিন্তু এখনও তার বাবা মানুয়েল দিয়াজেকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে খোঁজ পাওয়া গেছে। কলম্বিয়ার ইএলএন গেরিলা গ্রুপের প্রধান জানান, দিয়াজের পিতা-মাতাকে তুলে নেওয়া তাদের ‘ভুল’ ছিল।

এর আগে  সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ ইএলএনের কাছে বাবাকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন দিয়াজ। তিনি লিখেন, ‘বাবাকে মুক্তি দেওয়ার জন্য আমি ইএলএনের কাছে আবেদন জানাচ্ছি। আমার বাবার মুক্তির জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

এই তারকা ফুটবলার আরও লিখেন, ‘প্রতিটি সেকেন্ড, মিনিটে আমাদের উদ্বিগ্নতা বাড়ছে। আমার মা, ভাইদের এবং আমার অস্থিরতা অবসাদ বাড়ছে এবং আমরা কেমন অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। যখন বাবাকে ফিরে পাব, তখনই কেবল এই ভোগান্তির শেষ হবে।’

শেষে বাবার মুক্তির আর্তি জানিয়ে দিয়াজ লিখেন, ‘আমি আপনাদের কাছে বাবার মুক্তি ভিক্ষা চাইছি। তার সততাকে শ্রদ্ধা করুন এবং যত দ্রুত সম্ভব তার এই বেদনাদায়ক অবস্থার ইতি টানুন।’

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়