ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ: চ্যাম্পিয়নরা পাবে ১ কোটি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২১:৩২, ১ ফেব্রুয়ারি ২০২৬
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ: চ্যাম্পিয়নরা পাবে ১ কোটি

আন্তর্জাতিক মঞ্চে যখন চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে তখন চলবে ‘অদম‌্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ।’

দেশের সেরা ক্রিকেটারদের সমন্বয়ে তিনটি দল নিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘অদম‌্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ।’ অপ্রত‌্যাশিত ফাঁকা সময়ে তড়িঘড়ি করে বিসিবি আয়োজন করছে এই প্রতিযোগিতা। যে আয়োজনের নেতৃত্ব দিচ্ছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ।

আরো পড়ুন:

এজন‌্য আড়াই কোটি টাকার ম‌্যাচ ফি ও প্রাইজমানি ঠিক করেছে বিসিবি। বিগ বাজেটের টুর্নামেন্টে আর্থিক পুরস্কারে ছড়াছড়ি থাকবে। আয়োজকের সঙ্গে কথা বলে জানা গেছে, টুর্নামেন্টের চ‌্যাম্পিয়ন দল ১ কোটি টাকা প্রাইজমানি পাবে। রানার্সআপ দলের জন‌্য বরাদ্দ ৪০ লাখ টাকা। এছাড়া ম্যাচ জিতলেই মিলবে ১০ লাখ টাকা।

আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি তিন দলের তিন ম্যাচের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে এই প্রতিযোগিতা। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ৯ ফেব্রুয়ারি খেলবে ফাইনাল ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় থমকে যায় মিরপুরের ক্রিকেট কার্যক্রম। ক্রিকেটারদের কথা চিন্তা করে আবার মাঠে ক্রিকেট ফিরিয়েছে বিসিবি। বিশেষ করে জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে না যাওয়া বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের কথা মাথায় নিয়েই বিসিবি তড়িঘড়ি করে আয়োজন করছে এই প্রতিযোগিতা।

ভালো অঙ্কের ম‌্যাচ ফি-ও পাবেন তারা। লিস্ট ‘এ’ ক্রিকেটের মতোই ম‌্যাচ ফি পাবেন সব ক্রিকেটাররা। তিন দলের জন‌্য মোট ৩৯ ক্রিকেটারকে বাছাই করেছেন নির্বাচকরা। যেখানে জাতীয় দলের ক্রিকেটার, জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার ও ইমার্জিং এবং যুব দলের ক্রিকেটারদের রাখা হয়েছে।

ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস রাইজিংবিডিকে বলেছেন, ‘‘টুর্নামেন্টটা বিসিবি আয়োজন করছে। লিড বাই ক্রিকেট অপারেশন্স। ২ কোটি ৫০ লাখ টাকার যে বিষয়টা, এটা পুরোটাই ক্রিকেটারদের ম‌্যাচ ফি ও প্রাইজ মানির জন‌্য বরাদ্দ। এটা ক্রিকেটাররা পাবেন।’’

বিপিএল বাদে ঘরোয়া কোনো প্রতিযোগিতায় এর আগে কোটি টাকার প্রাইজমানি বরাদ্দ ছিল না। বিপিএলে কিছুদিন আগেই চ‌্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেট প্রতিযোগিতায় বিসিবির আয় যেমন বেশি থাকে খরচও বেশি। এখানে টিভি স্বত্ব, গ্রাউন্ড রাইটস, টিকিট বিক্রি করে বিসিবি আয় করে। চ‌্যাম্পিয়ন হওয়ায় রাজশাহী পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। দেশের সবচেয়ে জৌলুসপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগে গত বছর চ‌্যাম্পিয়ন প্রাইজমানি ছিল কেবল ১৫ লাখ টাকা। জাতীয় ক্রিকেট লিগের বড় দৈর্ঘর প্রতিযোগিতায় চ‌্যাম্পিয়ন প্রাইজমানি ছিল ৩০ লাখ টাকা, টি-টোয়েন্টি ছিল ২০ লাখ টাকা।

হুট করে এতো বড় আয়োজনে কেন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে তা নিয়ে কথা বলতে আগ্রহ দেখায়নি কেউ। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম‌্যান নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। 

টুর্নামেন্টে নতুনত্ব বলতে যুক্ত হয়েছে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ খেলানোর নিয়ম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যে নিয়ম চালু আছে। প্রতিদিন ম‌্যাচের আগে ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানও রেখেছে বিসিবি। দর্শকরা টিকিট কেটে দেখতে পারবেন খেলা। সর্বনিম্ন টিকিটের দাম ১০০ টাকা। সর্বোচ্চ ১০০০ টাকা। এছাড়া ২০০ ও ৫০০ টাকার টিকিটও রয়েছে। ৩ ও ৪ ফেব্রুয়ারি ক্রিকেটাররা অনুশীলন শুরু করবেন। পরদিন থেকে বল মাঠে গড়াবে।

টি-টোয়েন্টির স্বীকৃতির জন‌্য এরই মধ‌্যে আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। বিসিবির আশা, টুর্নামেন্ট শুরুর আগেই স্বীকৃত টি-টোয়েন্টির মর্যাদা পেয়ে যাবে ‘অদম‌্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ।’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়