আল-ইত্তিহাদ ছেড়ে আল-হিলালে বেনজেমা
সৌদি ফুটবলে বড়সড় পরিবর্তনের সাক্ষী হলো সোমবার। আল-ইত্তিহাদের সঙ্গে চুক্তি বাতিলের পর সৌদি প্রো লিগের শীর্ষ ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন ফরাসি তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা। ক্লাবটি নিশ্চিত করেছে, ফ্রি ট্রান্সফারে দেড় বছরের চুক্তিতে তাদের দলে ভিড়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আল-ইত্তিহাদের সঙ্গে চুক্তি নবায়নের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরই বেনজেমার আল-হিলালে যাওয়ার পথ পরিষ্কার হয়। গত দুই লিগ ম্যাচে আল-ইত্তিহাদের স্কোয়াডে ছিলেন না তিনি। যা এই পরিবর্তনের ইঙ্গিত আগেই দিয়েছিল।
আল-হিলাল এক বিবৃতিতে জানায়, “ফরাসি তারকা করিম বেনজেমাকে ফ্রি ট্রান্সফারে দলে নিয়েছে আল-হিলাল। তিনি আগামী দেড় বছর আমাদের জার্সিতে মাঠে নামবেন।” এই ঘোষণার মধ্য দিয়ে সৌদি লিগের শিরোপা লড়াইয়ে নতুন মাত্রা যোগ হলো।
জেদ্দাভিত্তিক আল-ইত্তিহাদের হয়ে একটি স্মরণীয় মৌসুম কাটিয়েছেন বেনজেমা। তার উপস্থিতিতেই গত মৌসুমে লিগ শিরোপা ও কিংস কাপ- দুই ট্রফিই জেতে ক্লাবটি। নিজের বিদায়বার্তায় বেনজেমা বলেন, “এই যাত্রা আমাকে ব্যক্তিগত ও পেশাগত দুই দিক থেকেই অনেক কিছু দিয়েছে। গর্বের সঙ্গে মাথা উঁচু করে বিদায় নিচ্ছি। এই রঙগুলো গায়ে জড়াতে পেরে এবং আমরা যা ভাগ করে নিয়েছি, তা নিয়ে আমি গর্বিত।”
২০২৩ সালে রিয়াল মাদ্রিদে ১৪ বছরের অধ্যায় শেষ করে আল-ইত্তিহাদে যোগ দিয়েছিলেন বেনজেমা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে ১৬ গোল করেছেন ৩৮ বছর বয়সী এই স্ট্রাইকার। যা তার ধারাবাহিকতা ও গোলক্ষুধারই প্রমাণ।
আল-ইত্তিহাদের ইতিহাসে এটি ছিল প্রথম ঘরোয়া ডাবল জয়ের মৌসুম। তবে চলতি লিগে তারা কিছুটা পিছিয়ে পড়েছে। ৩৪ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। অন্যদিকে আল-হিলাল ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন আল-নাসর।
ঢাকা/আমিনুল