ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওমরজাইয়ের অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তানের প্রথম জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬  
ওমরজাইয়ের অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তানের প্রথম জয়

চাপ, ধোঁয়াটে বিকেল আর ধীর-আঁটসাঁট উইকেট; সবকিছুকে ছাপিয়ে দাঁড়ালেন এক নাম: আজমতুল্লাহ ওমরজাই। তার ব্যাট-বলের জোড়া ঝলকে বিশ্বকাপে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রথম জয়ের স্বাদ পেল আফগানিস্তান। পাঁচ উইকেটের এই জয় শুধু দুই পয়েন্টই এনে দেয়নি, টানা দুই হারের পর দলকে ফিরিয়ে দিয়েছে আত্মবিশ্বাসও।

দিল্লির মন্থর পিচে ১৬১ রানের লক্ষ্যটা কাগজে-কলমে খুব বড় না হলেও বাস্তবে ছিল কষ্টসাধ্য। শেষ পাঁচ ওভারে দরকার ছিল ৫২ রান। আধুনিক টি-টোয়েন্টিতে যা অস্বাভাবিক নয়। কিন্তু উইকেটে হিসাবটা যেন দ্বিগুণ কঠিন হয়ে উঠেছিল। ঠিক তখনই দায়িত্ব কাঁধে তুলে নেন ওমরজাই। শেষ তিন বলে ৬, ৪, ৪ হাঁকিয়ে ম্যাচের রাশ টেনে ধরেন তিনি। তার ১৯০ স্ট্রাইক রেটে ২১ বলে করা অপরাজিত ৪০ রানের ইনিংসই পার্থক্য গড়ে দেয় ম্যাচের।

আরো পড়ুন:

শুরুর ধাক্কাটা কিন্তু সামলাতে হয়েছিল আফগানদের। ইনিংসের দ্বিতীয় বলেই জুনায়েদ সিদ্দিকের বলে রাহমানুল্লাহ গুরবাজ ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দিলে কিছুটা চাপে পড়ে যায় দল। এরপর ইব্রাহিম জাদরান ধৈর্যের সঙ্গে খেলেন। ৩৭ বলে তুলে নেন অর্ধশতক, দলকে ম্যাচে রাখেন। দারবিশ রাসুলি যোগ করেন ৩৩ রান। তবে শেষের নাটকীয়তায় আলোটা পুরোপুরি ওমরজাইয়ের দিকেই ঘুরে যায়।

এর আগে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাত তুলেছিল ১৬০ রান। ইনিংসটা বড় হয়নি, কারণ মাঝের সারিতে ধারাবাহিকতা ছিল না। তবে সোহাইব খান একাই লড়েছেন। ৪৮ বলে ৬৮ রান, চারটি ছক্কা ও ছয়টি চার; দারুণ একটি ইনিংস। আলিশান শরাফুও ৩১ বলে ৪০ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।

আফগানিস্তানের হয়ে বল হাতে সেরা ছিলেন ওমরজাই। চার উইকেট তুলে নিয়ে আমিরাতের গতি থামিয়ে দেন তিনি। মুজিব উর রহমান নেন দুই উইকেট, অধিনায়ক রশিদ খান যোগ করেন একটি।

টুর্নামেন্টের শুরুতে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে টানা দুই হারে চাপে ছিল আফগানিস্তান। এই ম্যাচটা ছিল ‘জিততেই হবে’ সমীকরণ। সেই কঠিন সন্ধ্যায় ওমরজাই যেন একাই দলকে টেনে তুললেন।

শেষ পর্যন্ত ১৯.২ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে আফগানরা। ধোঁয়াটে বিকেলে পরিষ্কার হয়ে যায় এক সত্য; বিশ্বমঞ্চে বড় হতে হলে এমনই অলরাউন্ড নায়ক দরকার। আর সেদিন সেই নায়ক ছিলেন আজমতুল্লাহ ওমরজাই।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়