বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে কেউ নেই
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বেতন কাঠামোসহ ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । এবার ‘এ’ প্লাস ক্যাটাগরিতে নেই কোনো ক্রিকেটার। গত বছর এই ক্যাটাগরিতে ছিলেন একমাত্র তাসকিন আহমেদ। বেতন পেয়েছেন মাসিক সর্বোচ্চ ১০ লাখ টাকা।
এবার বিসিবি কাউকেই ‘এ’ প্লাস ক্যাটাগরিতে রাখেনি। ‘এ’ ক্যাটাগরিতে তিন ফরম্যাটের তিন অধিনায়ক; নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের সঙ্গে আছেন তাসকিন আহমেদ। তাদের বেতন মাসিক ৮ লাখ টাকা।
এছাড়া ‘বি’, ‘সি’, ও ‘ডি’ ক্যাটাগরির বেতন যথাক্রমে ৬, ৪ ও ২ লাখ টাকা। সব মিলিয়ে এবার ২৮ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে। সাইফ হাসান, হাসান মুরাদ প্রথমবার কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন। ফিরেছেন কাজী নুরুল হাসান সোহান।
২০২৬ সালের পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বেতন কাঠামো ও চুক্তি কার্যকর থাকবে।
শুধুমাত্র টেস্ট চালিয়ে যাওয়া মুশফিকুর রহিম গত বছর ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে। এবার তিনি গেছেন ‘বি’ ক্যাটাগরিতে। বেতন মাসিক ৬ লাখ। তার সঙ্গে এই ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও নাহিদ রানা। রিশাদ, শেখ মেহেদী, তানজিদ ও সাদমান গত বছর ‘সি’ ক্যাটাগরিতে ছিলেন। এবার তাদের চারজনের গ্রেড বেড়েছে।
‘সি’ ক্যাটারির ৪ লাখ বেতন তালিকায় আছেন সৌম্য সরকার, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ। খালেদ ও নাসুম গতবার ছিলেন ‘ডি’ ক্যাটাগরিতে। এবার তাদের গ্রেড বেড়েছে।
কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবার ডাক পেয়েছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। এছাড়া নাঈম হাসান, শামীম হোসেন ও কাজী নুরুল হাসান সোহানকে ফেরানো হয়েছে। এই গ্রেডের বেশিরভাগ ক্রিকেটারই একটি ফরম্যাটে খেলছেন। তারা বেতন পাবেন ২ লাখ টাকা করে।
ক্রিকেটারদের বেতন এবার বাড়েনি। তবে কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের সংখ্যা বেড়েছে। গতবার সংখ্যাটা ছিল কেবল ২২। এবার ২৮ ক্রিকেটার রয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল