ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নতুন বাস্তবতায় বাংলাদেশের চ্যালেঞ্জ: আট নম্বরই অগ্রগতি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ৯ মার্চ ২০২৬   আপডেট: ১৬:১০, ৯ মার্চ ২০২৬
নতুন বাস্তবতায় বাংলাদেশের চ্যালেঞ্জ: আট নম্বরই অগ্রগতি

কোচ ফিল সিমন্সের কাঁধে এখন বড় দায়িত্ব। দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, তাও এমন এক সময়ে যখন প্রতিটি ম্যাচ ও প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। প্রায় পাঁচ মাস পর আবার ওয়ানডে খেলতে নামার অপেক্ষায় বাংলাদেশ। সামনে রয়েছে ২০২৭ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জও।

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে খুব একটা ভালো সময় কাটাচ্ছে না বাংলাদেশ। ফলে দলটিকে ঘিরে প্রত্যাশাও তুলনামূলক কম। দলে বড় তারকা ক্রিকেটারের ঘাটতি রয়েছে, আর যারা আছেন তাদের সাম্প্রতিক পারফরম্যান্সও খুব বেশি আশাব্যঞ্জক নয়। বাস্তবতা হলো, নিজেদের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের ফরম্যাট- ওয়ানডেতেই এখন ছন্দহীন বাংলাদেশ।

আরো পড়ুন:

তবে আশাবাদ হারাচ্ছেন না সিমন্স। বর্তমান স্কোয়াড নিয়েই এগিয়ে যাওয়ার কথা বলছেন তিনি। তার মতে, আপাতত ওয়ানডে র‌্যাংকিংয়ে আটে উঠতে পারলেও সেটিকে ইতিবাচক অগ্রগতি হিসেবেই দেখা উচিত।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সোমবার সকালে অনুশীলন করেছে বাংলাদেশ। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিমন্স বলেন, “আমাদের মূল লক্ষ্য এখন শুধু বিশ্বকাপের যোগ্যতা অর্জন নয়। আমরা আসলে ওয়ানডে ক্রিকেটে আরও ভালো দল হয়ে উঠতে চাই। কয়েক বছর আগে তাকালে দেখা যায়, বাংলাদেশ ওয়ানডেতে শীর্ষ পর্যায়ের দলগুলোর একটি ছিল। এখন আমাদের সেই অভিজ্ঞতাটা নেই- যেমন সাকিবদের মতো খেলোয়াড়। তবু আমরা বর্তমান খেলোয়াড়দের নিয়ে কাজ করছি, যাতে তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরা ক্রিকেটটা খেলতে পারে। শেষ পর্যন্ত আমরা কতটা ওপরে উঠতে পারি, সেটা সময়ই বলে দেবে। তবে যদি আমরা আট নম্বরের ওপরে উঠতে পারি, সেটাও ভালো অগ্রগতি হবে।”

১১ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। তাদের দলে ছয়জন ক্রিকেটারের এখনো ওয়ানডে অভিষেক হয়নি। তবে বাবর আজম, সাইম আইয়ুব, ফখর জামানের মতো তারকা থাকায় প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশের কোচ।

সিমন্স বলেছেন, “পাকিস্তান ক্রিকেট থেকে উঠে আসা কাউকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সেখান থেকে সব সময়ই প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে। আনক্যাপড মানেই অনভিজ্ঞ- এমনটা নয়। তারা যথেষ্ট ক্রিকেট খেলেছে বলেই দলে জায়গা পেয়েছে।”

ঘরের মাঠে গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজের শেষ দিকের পারফরম্যান্স থেকেই নতুন করে শুরু করতে চান সিমন্স, ‘‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ দিকে আমরা ভালোভাবে শেষ করতে পেরেছিলাম। সেখান থেকে আমরা আর পিছিয়ে যেতে চাই না। এখন উইকেটগুলোও আগের চেয়ে ভালো মনে হচ্ছে। তাই আমাদের লক্ষ্য হবে ধারাবাহিক উন্নতি করা এবং পরের ধাপে এগিয়ে যাওয়া। বিশেষ করে শেষ ম্যাচে আমরা যেভাবে ব্যাটিং করেছিলাম, সেই ধারাটা ধরে রাখতে চাই।”

তবে উন্নতির জায়গাও দেখছেন বাংলাদেশের কোচ। তার মতে, বিশেষ করে মধ্য ওভারগুলোতে দলকে আরও ভালো করতে হবে, “মধ্য ওভারগুলোতে আমরা খুব একটা ভালো করতে পারিনি। ব্যাটিংয়ে সেখানে আরও উন্নতি দরকার। একইভাবে বোলিংয়েও মধ্য ওভারগুলোতে আরও বেশি উইকেট নিতে হবে। এই দুই জায়গাতেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।”

মিরপুরের উইকেট নিয়েও নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন সিমন্স, “আমার কাছে এখন উইকেটগুলো আগের চেয়ে ভালোই মনে হচ্ছে। আমি বিপিএলের শেষ অংশের ম্যাচগুলো দেখেছি, এমনকি দুই দিন আগের ম্যাচটিও দেখেছি। সব মিলিয়ে এখন উইকেট অনেক ভালো দেখাচ্ছে। ক্রিকেটার হিসেবে আমরা ভালো উইকেটেই খেলতে চাই, যাতে নিজেদের দক্ষতা ঠিকভাবে পরীক্ষা করা যায়। শেষ পর্যন্ত কী হয়, সেটা সময়ই বলে দেবে।”

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়