ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুদ্ধের প্রভাবে বাতিল আইসিসি বোর্ড সভা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ১০ মার্চ ২০২৬   আপডেট: ১৭:০৫, ১০ মার্চ ২০২৬
যুদ্ধের প্রভাবে বাতিল আইসিসি বোর্ড সভা

পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের কারণে দোহায় অনুষ্ঠিতব্য আইসিসি বোর্ড ও বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ সভা বাতিল করা হয়েছে। এই মাসের শেষ দিকে নির্ধারিত ওই সভাগুলো এখন আপাতত স্থগিত করা হয়েছে।

জানা গেছে, ২৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত কাতারের রাজধানী দোহায় এই সভাগুলো হওয়ার কথা ছিল। এতে আইসিসি বোর্ডের পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন কমিটির সদস্য এবং সংস্থার শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা ছিল।

আরো পড়ুন:

তবে নিরাপত্তা পরিস্থিতি এবং আকাশপথের জটিলতার কারণে সরাসরি সভা আয়োজন সম্ভব হয়নি। ফলে আর্থিক কমিটিসহ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক আগামী কয়েক সপ্তাহে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে এপ্রিল মাসে সরাসরি বৈঠক আয়োজনের সম্ভাবনাও খোলা রাখা হয়েছে। তবে সেটি নির্ভর করছে আকাশপথ কতটা নিরাপদভাবে চালু হয় তার ওপর।

এই সভাগুলোতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এর মধ্যে অন্যতম ছিল বিশ্বব্যাপী সম্প্রচার স্বত্বের ভবিষ্যৎ চুক্তি। বর্তমানে আইসিসি ও জিওস্টারের মধ্যকার সম্প্রচার চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালে।

এছাড়া পরবর্তী ভবিষ্যৎ সফরসূচি এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের বাছাই প্রক্রিয়া নিয়েও প্রাথমিক আলোচনা হওয়ার কথা ছিল। এরই মধ্যে ক্রিকেটের পরবর্তী ৪ বছরের আন্তর্জাতিক সূচি নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।

এবারই প্রথম আইসিসির এমন গুরুত্বপূর্ণ সভা কাতারে আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। দেশটিতে ক্রিকেটে অংশগ্রহণের হার দ্রুত বাড়ছে এবং সাম্প্রতিক সময়ে সেখানে ক্রিকেটের জনপ্রিয়তাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তবে সীমিত আন্তর্জাতিক ফ্লাইট এবং বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সেখানে সভা আয়োজন করা সম্ভব হয়নি।

পশ্চিম এশিয়ার এই সংঘাত শুধু প্রশাসনিক কার্যক্রমেই নয়, আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও প্রভাব ফেলছে। সংযুক্ত আরব আমিরাতে ১৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সীমিত ওভারের সিরিজ আয়োজনের কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সিরিজও অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়