ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দ্বিতীয়ার্ধে ঝড় তুলে বড় জয় ইউনাইটেডের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ১৬ মার্চ ২০২৬   আপডেট: ১১:০৪, ১৬ মার্চ ২০২৬
দ্বিতীয়ার্ধে ঝড় তুলে বড় জয় ইউনাইটেডের

প্রথমার্ধে গোলের দেখা না মিললেও বিরতির পর যেন পুরোপুরি বদলে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। আক্রমণের ধার বাড়িয়ে একের পর এক গোল করে অ্যাস্টন ভিলাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। দ্বিতীয়ার্ধের দাপুটে ফুটবলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ইউনাইটেড।

রোববার নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইউনাইটেডের হয়ে গোল করেন কাসেমিরো, মাথেউস কুইয়া ও বেনিয়ামিন শেশকো। ভিলার হয়ে একমাত্র গোলটি করেন রস বার্কলে।

ম্যাচের শুরুতে দুই দলই সতর্ক ফুটবল খেলছিল। নবম মিনিটে প্রথম সুযোগ তৈরি করে অ্যাস্টন ভিলা। তবে এমিলিয়ানো বুয়েন্দিয়ার হেড লক্ষ্যে থাকেনি। এরপর পাল্টা আক্রমণে কয়েকবার ভিলার রক্ষণভাগে চাপ সৃষ্টি করে ইউনাইটেড।

২০ মিনিটে দূরপাল্লার শটে চেষ্টা করেছিলেন ব্রুনো ফের্নান্দেস। কিন্তু তা প্রতিহত হয় রক্ষণভাগে। দুই মিনিট পর আমাদ দিয়ালোর হেড দারুণ ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তাতে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

বিরতির পর আক্রমণের গতি বাড়িয়ে দেয় ইউনাইটেড। ৫৩ মিনিটে কর্নারের পর ফের্নান্দেসের ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন কাসেমিরো। লিগে এটি তার টানা দ্বিতীয় ম্যাচে গোল এবং মৌসুমে মোট গোলসংখ্যা দাঁড়ায় ৭।

গোল হজমের পর পাল্টা আক্রমণে যায় অ্যাস্টন ভিলা। ৬৩ মিনিটে দূরপাল্লার শক্ত শটে সমতা ফেরান রস বার্কলে। চলতি মৌসুমে এটি তার দ্বিতীয় গোল।

তবে খুব বেশি সময় সমতা টিকিয়ে রাখতে পারেনি ভিলা। ৭১ মিনিটে ফের্নান্দেসের নিখুঁত পাস ধরে গোল করে আবারও ইউনাইটেডকে এগিয়ে দেন মাথেউস কুইয়া। ইউনাইটেডের হয়ে নিজের প্রথম মৌসুমে এটি তার সপ্তম গোল।

এই ম্যাচে ব্যক্তিগত এক গুরুত্বপূর্ণ মাইলফলকও স্পর্শ করেন ফের্নান্দেস। ইউনাইটেডের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০টি সহায়তা দেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।

ম্যাচের শেষ দিকে ব্যবধান আরও বাড়ান বদলি নামা বেনিয়ামিন শেশকো। ৮১ মিনিটে বক্সের ভেতর জটলার মধ্যে জোরালো শটে বল জালে পাঠান তিনি। শেষ ৭ ম্যাচে এটি তার পঞ্চম গোল, আর লিগে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯।

এই জয়ের ফলে ৩০ ম্যাচ শেষে ইউনাইটেডের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৪। ১৫ জয় ও ৯ ড্রয়ে তারা লিগের তৃতীয় স্থান আরও শক্তভাবে ধরে রাখল।

আগামী শুক্রবার বোর্নমাউথের মুখোমুখি হবে ইউনাইটেড। অন্যদিকে অ্যাস্টন ভিলা পরের ম্যাচে খেলবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়