রাফিনিয়া ঝড়ে বিধ্বস্ত সেভিয়া, প্রতিশোধ নিয়ে শীর্ষে বার্সেলোনা
স্পেনের লিগ ফুটবলে রোববারের রাতটি যেন একাই নিজের করে নিলেন রাফিনিয়া। ব্রাজিলের এই আক্রমণভাগের তারকা দুর্দান্ত তিন গোল করে দলকে বড় জয়ের পথে নিয়ে গেলেন। তার ঝলমলে নৈপুণ্যে সেভিয়াকে ৫-২ ব্যবধানে হারিয়ে আগের পরাজয়ের প্রতিশোধও নিল বার্সেলোনা।
কাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কাতালান ক্লাবটি। এই জয়ের ফলে ২৮ ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৭০ পয়েন্ট। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে শিরোপা দৌড়ে আবারও স্বস্তির ব্যবধান গড়ে তুলেছে বার্সেলোনা।
ম্যাচের শুরু থেকেই সেভিয়ার রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে থাকে স্বাগতিকরা। নবম মিনিটেই ডি-বক্সে ফাউলের ঘটনায় স্পট কিক পায় বার্সেলোনা। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া।
এর কিছুক্ষণ পর আবারও পেনাল্টি পায় বার্সেলোনা। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের হাতে বল লাগায় সিদ্ধান্ত আসে ভিডিও সহায়তায়। ২১ মিনিটে দ্বিতীয় স্পট কিক থেকেও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের শেষ দিকে আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয় বার্সেলোনা। ৩৮ মিনিটে সেভিয়ার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে তৃতীয় গোলটি করেন দানি ওলমো।
তবে বিরতির ঠিক আগে এক গোল শোধ করে সেভিয়া। চমৎকার এক ক্রস থেকে দারুণ ভলিতে জাল খুঁজে নেন হুয়ানলু সানচেজ।
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর আবারও আক্রমণের ঝড় তোলে বার্সেলোনা। ৫১ মিনিটে ফারমিন লোপেসের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে নিজের তৃতীয় গোল করেন রাফিনিয়া। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল দিক বদলে জালে ঢুকে যায়।
এই মৌসুমে লিগে এটিই রাফিনিয়ার প্রথম হ্যাটট্রিক। বর্তমানে লিগে তার গোলসংখ্যা ১১, যা সমান রবার্ট লেভানদোভস্কির সঙ্গে। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল এখন ১৭টি।
৬০ মিনিটে ব্যবধান আরও বাড়ান জোয়াও কানসেলো। মাঝমাঠ থেকে একাই বল নিয়ে দ্রুত এগিয়ে গিয়ে শক্তিশালী শটে গোল করেন তিনি। প্রতিপক্ষ গোলরক্ষকের পায়ে লেগে বল জালে জড়ায়।
শেষ দিকে কয়েকটি সুযোগ পেয়েও গোল করতে পারেননি লেভানদোভস্কি। যোগ করা সময়ে আরেকটি গোল করে ব্যবধান কিছুটা কমায় সেভিয়া।
এই জয়ের মাধ্যমে মৌসুমের দারুণ ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। ঘরের মাঠে টানা ১২তম জয় তুলে নেওয়ার পাশাপাশি গোলের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৩৯ এ।
ঢাকা/আমিনুল