ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘দশটি কফিন ও ইফরানের গল্প’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদেক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১২ আগস্ট ২০২১  
‘দশটি কফিন ও ইফরানের গল্প’

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে মোহাম্মদপুরের কাঠের আড়তদার মোবারক রেডিওতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু সংবাদ শুনতে পান।তিনি, তার স্ত্রী ফাতেমা ও দশ বছরের ছেলে ইফরান খুবই মর্মাহত হন। ফাতেমা সারাদিন কোনোকিছু মুখে তুলতে পারেনি। ইফরান বুঝতে পারে না মানুষ কীভাবে অন্য মানুষকে হত্যা করতে পারে! বিশেষত যেখানে তার সমান বয়সী একজন শিশুকেও খুন হতে হয়। এমন মর্মস্পর্শী ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে ‘দশটি কফিন ও ইফরানের গল্প’।

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘দশটি কফিন ও ইফরানের গল্প’।ইকবাল খোরশেদের রচনা ও ঈমাম হোসাইনের প্রযোজনায় এটি প্রচারিত হবে ১৫ আগস্ট রাত ৯টায়। নাটকটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, শাহেদ আলী, মনির শাকিল, সাইদ সুমনসহ অনেকে। 

এ নাটকের গল্পে দেখা যাবে- বনানী কবরস্থানের পাহারাদার আনসার স্পষ্ট করে জানতো না যে, বঙ্গবন্ধুকে খুন করা হয়েছে। যখন একজন আর্মি অফিসার এসে তাকে আঠারোটি কবর খুড়তে বলে তখন সে বুঝতে পারে বঙ্গবন্ধুর পরিবারের কাউকেই আর বাঁচিয়ে রাখা হয়নি। সে তার সহকারীর কাছে বঙ্গবন্ধুর হত্যাকারীদের শেষ করে দেয়ার মনোভাব ব্যক্ত করে।ঐদিন রাতে কাঠের ব্যবসায়ী মোবারকের কাছে একজন আর্মি অফিসার এসে দশটি কফিন বানানোর অর্ডার দিয়ে যায় এবং সকালের মধ্যে সেগুলো না পেলে তাকে নির্বংশ করা হবে বলে শাসিয়ে যায়। পরদিন সকালে যখন সেই আর্মি অফিসার কফিনের জন্য আসে তখন দশ বছরের ইফরান তার কাছে জানতে চায়, তারা কেন ছোট্ট রাসেলকে মেরে ফেলেছে? 

এ ছাড়া জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করেছে তিন পর্বের বিশেষ ধারাবাহিক শিশুতোষ অনুষ্ঠান ‘যদি রাত পোহালে শোনা যেত’। অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মাহিদুল ইসলাম ও রফিকুল ইসলমাসহ শিশু শিল্পীদের বিভিন্ন পরিবেশনা দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠানে কথা বলেছেন, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক ও শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজা খানম। সাখাওয়াত হোসেনের গ্রন্থণায় অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। আগামীকাল ১৩ আগস্ট ও ১৪ আগস্ট বিকাল ৫টায় ১০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানের ১ম ও ২য় পর্ব এবং ১৫ আগস্ট সকাল সাড়ে ১১টায় প্রচারিত হবে শেষ পর্ব।

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়