সন্ধ্যার পর বন্ধ মাল্টিপ্লেক্স, চলছে সিঙ্গেল স্ক্রিন
মধুমিতা সিনেমা হল
সরকারের নির্দেশনায় সন্ধ্যার পর সারা দেশের বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর, এর প্রভাব পড়েছে সিনেমা প্রদর্শন খাতে। একে একে দেশের মাল্টিপ্লেক্সগুলো সন্ধ্যার পর তাদের প্রদর্শনী বন্ধের ঘোষণা দিয়েছে।
প্রথমে ব্লকবাস্টার সিনেমাস সন্ধ্যার পর প্রদর্শনী বন্ধের সিদ্ধান্তের কথা জানায়। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় একই পথে হাঁটে অন্যান্য মাল্টিপ্লেক্সগুলোও।
সর্বশেষ স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টার পর তাদের সব প্রদর্শনী বন্ধ থাকবে। ফলে বিকেলের প্রদর্শনীকেই দিনের শেষ প্রদর্শনী হিসেবে ধরা হচ্ছে।
তবে ভিন্ন চিত্র একক পর্দার সিনেমা হলগুলোতে। এখনো তারা সন্ধ্যার পর প্রদর্শনী বন্ধের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি এবং মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ জানিয়েছেন, আপাতত রাতের প্রদর্শনী চালু রাখার পক্ষেই তারা।
ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, “রাতের প্রদর্শনীগুলো এখন ভালো চলছে। এই ব্যস্ত সময়ে প্রদর্শনী বন্ধ করলে আমাদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। তবে পরিস্থিতি যদি এমন হয় যে সবাই বন্ধ রাখছে, তখন আমরাও নতুন করে সিদ্ধান্ত নেব।”
সব মিলিয়ে, মাল্টিপ্লেক্সগুলো ইতিমধ্যেই সন্ধ্যার পর প্রদর্শনী বন্ধ করলেও একক পর্দার হলগুলো এখনো অপেক্ষার অবস্থানে রয়েছে। ফলে দর্শক থেকে শুরু করে হল মালিক—সবাই এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এই পরিস্থিতি কতদিন স্থায়ী হবে, সেটাই এখন বড় প্রশ্ন।
ঢাকা/রাহাত/শান্ত
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের