এমসি কলেজে গণধর্ষণ: আদালতে রনি, রাজন ও আইনুলের দোষ স্বীকার
নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণের মামলার আরও তিন আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এই তিনজন হলেন- মাহবুবুর রহমান রনি, রাজন ও আইনুল।
সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, এই তিনজন ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জবানবন্দি রেকর্ড শেষে শনিবার (৩ অক্টোবর) রাতে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
পাঁচদিনের রিমান্ড শেষ হওয়ায় শনিবার (০৩ অক্টোবর) বিকেলে তাদের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াদুর রহমানের কাছে হাজির করা হয়। তখন তারা আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হলে আদালত তাদের কিছু সময় দেন। পরে তাদের তিনজনকে তিনটি আদালতে নেওয়া হয়।
এর মধ্যে মো. জিয়াদুর রহমানের আদালতে রাজনের জবানবন্দি রেকর্ড করা হয়। আর সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমানের কাছে আইনুল এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক শারমিন খানম নিলার কাছে মাহবুবুর রহমান রনি জবানবন্দি দেন।
এর আগে শুক্রবার (০২ অক্টোবর) রাতে আলোচিত এ মামলার প্রধান আসামি সাইফুর রহমান, ৪নং আসামি অর্জুন লস্কর এবং ৫নং আসামি রবিউল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ মামলায় আসামি তারেক আহমদ, মাহফুজুর রহমান মাছুম পাঁচদিনের রিমান্ডে রয়েছেন। রিমান্ড শেষে তাদের আগামীকাল রোববার (৪ অক্টোবর) আদালতে তোলার কথা রয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসা দম্পতির স্বামীকে আটকে রেখে রাত সাড়ে ৯টার দিকে কলেজ ছাত্রাবাসে নববধূকে ধর্ষণ করে কয়েকজন যুবক। এ ঘটনায় ৬ ছাত্রলীগ নেতা-কর্মীর নামোল্লেখসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী।
নোমান/বকুল
হত্যা মামলায় মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে