বঙ্গবন্ধু সাফারি পার্কে বাচ্চা দিয়েছে জেব্রা ও ওয়াইল্ডবিস্ট
গাজীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বাচ্চাসহ মা জেব্রা
গাজীপুরের শ্রীপুর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ২৬ সদস্যের জেব্রার পালে শুক্রবার (৪ জুন) সকালে যোগ হয়েছে এক নতুন সদস্য। এখন জেব্রার ২৭ সদস্যের পরিবার।
বুধবার (২ জুন) এই পার্কে ওয়াইল্ডবিস্ট একটি ছানার জন্ম দিয়েছে।
পার্ক কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালে পার্কের কোর সাফারি অংশে বনের ভেতর একটি জেব্রার অস্বাভাবিক চলাচল চোখে পড়ে পার্কের লোকজনের। একটু এগিয়ে গিয়ে তারা দেখতে পান জেব্রার পালের নতুন সদস্য।
পার্কের কর্মকর্তারা জানান, জেব্রা বাচ্চা দিলে তারা স্বভাবগত কারণে যথাসম্ভব নীরব ও নির্জন স্থানে অবস্থান করে। এটিও দিনের বেশিরভাগ সময় বনের ভেতর নির্জন স্থানে সময় কাটাচ্ছে। মায়ের সঙ্গে একটু একটু করে হেঁটে বেড়াচ্ছে নতুন শাবকটি। মাঝে মাঝে মায়ের দুধ খাচ্ছে। বাচ্চা ও মায়ের প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার স্বার্থে কর্মকর্তারা প্রাণিটির কাছে যাচ্ছে না। তাই এখনো পর্যন্ত শাবকটির লিঙ্গ নির্ধারণ করা যায়নি।
কর্তৃপক্ষ জানায়, গত বুধবার কোর সাফারির আরেক অংশে বাচ্চা দিয়েছে ওয়াইল্ডবিস্ট। তিন দিনে বাচ্চাটি বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। এই শাবকটিরও লিঙ্গ নির্ণয় করা যায়নি। কারণ, এই প্রাণিগুলো বাচ্চা দেওয়ার পর হিংস্র হয়ে থাকে। তাই এই সময় লিঙ্গ নির্ণয়ের চেষ্টা মারাত্মক হতে পারে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, নতুন সদস্যসহ পার্কে জেব্রা সংখ্যা হলো ২৭টি। এছাড়াও নতুন শাবকসহ ওয়াইল্ডবিস্টের সংখ্যা দাঁড়াল ১৬টিতে।
রেজাউল/বকুল
প্রজ্ঞাপন জারি, রবিবার থেকে অফিস ৯টা-৪টা