নড়াইলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নড়াইলের লোহাগড়া উপজেলায় সুফল বিশ্বাস (৩৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার (১৮ আগস্ট) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।
নিহত সুফল বিশ্বাস একই উপজেলার কল্যানপুর গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নিজ জমির পাট জাগ দিতে ছেলে সুদেব বিশ্বাসকে সঙ্গে নিয়ে কল্যানপুর শ্মশানঘাট এলাকায় যাচ্ছিলেন সুফল বিশ্বাস। পথিমধ্যে প্রতিপক্ষ তমাল মোল্যার নেতৃত্বে রুস্তম মোল্যা, রুবেল শেখসহ ৬/৭ জন মিলে সুফল বিশ্বাসকে হাড়ুড়ি ও লোহার রড় দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সুফল বিশ্বাসকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক সুলফ বিশ্বাসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ১টার দিকে মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুফল বিশ্বাসের সঙ্গে গত বছর একই গ্রামের রোস্তম মোল্যার মেয়ে রিনার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ঘটনায় মামলা হলে ৭ মাস কারাগারে ছিলেন সুফল বিশ্বাস। কারাগার থেকে ছাড়া পাওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াতেন। স্থানীয় কয়েক জনের আশ্বাসে মাস খানেক আগে তিনি গ্রামে ফেরেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, পূর্ব শক্রতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। খুলনা থেকে লাশ ময়নাতদন্ত শেষে লোহাগড়ার লাহুড়িয়ার কল্যানপুর গ্রামে আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
শরিফুল/ মাসুদ
প্রজ্ঞাপন জারি, রবিবার থেকে অফিস ৯টা-৪টা