ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় ৫ মণ ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ২১ সেপ্টেম্বর ২০২৫  
বগুড়ায় ৫ মণ ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তি।

বগুড়ার শেরপুর উপজেলায় একটি পুকুরপাড়ের মেশিন ঘর থেকে প্রায় ৫ মণ ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমন এলাকার সোনালী পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুকুরের মালিক (লিজ গ্রহীতা) আবুল বাশার রুবেল (৫৫) ও বিক্রির সহায়তাকারী আল আমিন (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন:

রুবেল শাহ বন্দেগী ইউনিয়নের শেরুয়া ফরেস্টগেট এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। আর আল আমিন সিরাজগঞ্জ সদরের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে।

বগুড়ায় র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫ মণ (১৯০ কেজি) ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করার পাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।’’ 

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

প্রায় তিন বছর আগে রুবেল পুকুরটি লিজ নেন। গত বছর সংস্কার করার পর থেকে ওই পুকুরপাড়ে অচেনা মানুষের আসা-যাওয়া বেড়ে যায়। এরই এক পর্যায়ে রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ অভিযান চালায়। এ সময় পুকুরপাড়ের মেশিন ঘরের ভেতর থেকে খড়কুটো দিয়ে ঢেকে রাখা ১৯০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় মূর্তি লুকিয়ে রাখা এবং বিক্রির চেষ্টার অভিযোগে পুকুরের মালিক রুবেলকে এবং বিক্রির কাজে সহায়তার অভিযোগে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

পুকুরের পাহারাদার হানিফ বলেন, ‘‘ঘরটি অনেক দিন পরিত্যক্ত অবস্থায় থাকায় মূর্তিটি সেখানে রাখা হয়েছিল, যা কেউ টের পাননি। রবিবার র‌্যাব এসে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।’’

ঢাকা/এনাম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়