ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাকাসহ জামায়াত নেতা আটক ‘গভীর ষড়যন্ত্রের অংশ’: দেলাওয়ার

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ১১ ফেব্রুয়ারি ২০২৬  
টাকাসহ জামায়াত নেতা আটক ‘গভীর ষড়যন্ত্রের অংশ’: দেলাওয়ার

ঠাকুরগাঁওয়ে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রধানকে ভোটগ্রহণের আগের দিন ৭৪ লাখ টাকাসহ আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা হচ্ছে। এ ঘটনাকে ঠাকুরগাঁও-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসেন একে ‘গভীর ষড়যন্ত্রের অংশ’ আখ্যা দিয়ে বলেছেন, ‘‘নির্বাচন প্রভাবিত করতেই পরিকল্পিতভাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’’

ভোটের আগের দিন আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকাসহ আটক করে সেনাবাহিনীর সদস্যরা। 

আরো পড়ুন:

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা তাঁকে বিমানবন্দরে আটক রেখে সৈয়দপুর থানায় খবর দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেলাল উদ্দিন প্রধানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। সেখানে তিনি বলেন, তাঁর বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজীপাড়ায়। তিনি শিক্ষকতা করেন। তিনি বলেন, এই টাকা ব্যবসার, গার্মেন্টসের।

জিজ্ঞাসাবাদের সময় বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা বলেন, তাঁর (বেলাল উদ্দিন) বুকে ব্যথা হচ্ছিল। তখন তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উদ্ধারকৃত অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাচনি পরিবেশে এত বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলন করেন দেলাওয়ার হোসেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি সম্পূর্ণ তার (বেলাল উদ্দিন প্রধান) ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয়। নির্বাচনের সঙ্গে এর সম্পর্ক নেই। কিন্তু নির্বাচনকে ঘিরে একদিন আগে এমন ঘটনা ঘটানো হয়েছে, যা স্পষ্টতই উদ্দেশ্যপ্রণোদিত।”

দেলাওয়ার হোসেন প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘‘অন্যান্য দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও সেগুলোতে তেমন পদক্ষেপ দেখা যায় না।’’  

নাম উল্লেখ না করে তিনি বলেন, “ঠাকুরগাঁওয়ের বিএনপির এক বড় নেতার বিরুদ্ধে ২২ কোটি টাকার ঋণ মওকুফের অভিযোগ রয়েছে। বিভিন্ন স্থানে টাকা বিতরণের সময় নেতাকর্মীরা ধরা পড়ছেন, এসব নিয়ে তেমন আলোচনা নেই। অথচ জামায়াতের আমীর নিজের ব্যবসায়িক অর্থ নিয়ে ফিরছিলেন, সেটিকে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে।”

তিনি আরো বলেন, “ঢাকা বিমানবন্দরে তাকে আটক করা হয়নি, কিন্তু সৈয়দপুরে এসে আটক করা হলো, এটি পরিকল্পিত চক্রান্তের অংশ বলেই আমরা মনে করি।”

বেলাল উদ্দিন প্রধানের পরিবার দাবি করেছে, ঈদকে সামনে রেখে ব্যবসায়িক কাজে বেলাল উদ্দিন ঢাকা গিয়েছিলেন। তার স্ত্রী সাহেরা বানু রাইজিংবিডিকে বলেন, দীর্ঘদিন ধরে তারা গার্মেন্টস ও বুটিক শিল্পের সঙ্গে জড়িত। ঢাকায় বকেয়া আদায় ও অগ্রিম অর্ডারের অর্থ সংগ্রহ করে তিনি ফিরছিলেন। 

এর আগেও বেলাল উদ্দিন একইভাবে বড় অঙ্কের অর্থ লেনদেন করেছেন বলেও জানান সাহেরা বানু। রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে বলে মনে করছেন তিনি।

জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, “ব্যবসায়িক কাজে যাতায়াত ও অর্থ লেনদেন স্বাভাবিক বিষয়। একটি কুচক্রী মহল সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিষয়টিকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে।”

ঘটনাটি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে নির্বাচনের ঠিক আগমুহূর্তে এ ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। 

ঢাকা/হিমেল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়