নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যৌথ টহল মহড়া শেষে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেনা ক্যাম্প (১৭ বীর)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তায়েফ।
তিনি জানান, সেনাবাহিনী গত দেড় বছর ধরে খুলনা জেলার তৃণমূল পর্যায়ে কাজ করে আসছে। নৌবাহিনী, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং নির্বাচন কমিশন একযোগে নির্বাচনি মাঠে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
লেফটেন্যান্ট কর্নেল তায়েফ বলেন, “নিরাপত্তা নিশ্চিত করতে ৬ ফেব্রুয়ারি থেকে খুলনার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছে। ভোটাররা যাতে নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সকলেই নির্ভয়ে ভোট দিতে পারবেন।”
তিনি আরো বলেন, “প্রতিটি ভোটকেন্দ্রে নজরদারি জোরদার করা হয়েছে এবং প্রয়োজনে দ্রুত যেকোনো কেন্দ্রে পৌঁছানোর প্রস্তুতি রয়েছে।” কেউ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে নির্বাচনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে শিববাড়ি মোড়ে যৌথ টহল মহড়া পরিচালনা করা হয়।
খুলনা জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট-২০২৬ উপলক্ষে খুলনা জেলার ৬টি সংসদীয় আসনে আইনশৃঙ্খলা বাহিনীর মোট ১৮ হাজার ৬২৪ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রয়েছেন; সেনাবাহিনীর ১ হাজার ২৫০ জন, নৌবাহিনীর ৯৫৪ জন, বিজিবির ৩০০ জন, কোস্ট গার্ডের ৩৫৫ জন, র্যাবের ৯৮ জন, মেট্রোপলিটন পুলিশের ২ হাজার ৪৩১ জন, জেলা পুলিশের ২ হাজার ১২৪ জন এবং আনসার ও ভিডিপির ১১ হাজার ১১২ জন সদস্য।
ঢাকা/নুরুজ্জামান/জান্নাত