ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমাকে মিসকোট করা হয়েছে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ১১ ফেব্রুয়ারি ২০২৬  
আমাকে মিসকোট করা হয়েছে: ইসি সচিব

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে নিজের একটি বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। অর্থ সংক্রান্ত একটি বিষয়ে তাকে ‘মিসকোট’ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “৫ কোটি টাকা নিয়ে যাওয়ার বিষয়ে আমি কোনো অনুমতি বা ব্যাখ্যা দিইনি। এই ধরনের অপতথ্য ছড়ানো অত্যন্ত দুঃখজনক।”

আরো পড়ুন:

ইসি সচিব জানান, তাকে উদ্ধৃত করে বলা হচ্ছে—তিনি নাকি বলেছেন ৫ কোটি টাকা বহন করলেও কোনো সমস্যা নেই। এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, “এই কথা বলার এখতিয়ার, অধিকার বা ক্ষমতা আমার নেই। আমি এটা বলিনি। আমাকে মিসকোট করা হয়েছে।”

তিনি আরো বলেন, “যারা অর্থ আটক করেছেন, তারাই টাকার উৎস, পরিমাণ ও ব্যবহারের উদ্দেশ্য খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। আইনের ব্যাখ্যা তারাই দেবেন। আমি কোন অধিকারে টাকার ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দেব?”—প্রশ্ন রাখেন তিনি।

বুধবার দুপুর ১২ টায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকাসহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। তারপর ভোটের সময়ে টাকা বহনের বিষয়ে সীমাবদ্ধতা নিয়ে ইসি সচিবের একটি উদ্ধৃতি দিয়ে দেশের গণমাধ্যমগুলোতে সংবাদ ছড়িয়ে পড়ে।

ঢাকা/এমএসবি/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়