ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধামরাইয়ে ভূমিদুস্যদের হামলায় বন্ধ সরকারি সেচ প্রকল্প

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ১১ ফেব্রুয়ারি ২০২৬  
ধামরাইয়ে ভূমিদুস্যদের হামলায় বন্ধ সরকারি সেচ প্রকল্প

ডেমরান পূর্বপাড়া এলাকা থেকে তোলা ছবি।

ঢাকার ধামরাই উপজেলার ডেমরান এলাকায় ভূমিদস্যু ও অবৈধ ভূমি দখলকারীদের হামলায় সরকারি সেচ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ও গাড়ি চালক আহত হয়েছেন। এছাড়াও হামলাকারীরা সেচ প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দেওয়ায় তিন ফসলী কৃষি জমির ফসল নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে। 

রবিবার (৮ ফ্রেব্রুয়ারি) রাতে ডেমরান এলাকার পূর্ব চকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগি প্রকল্প ম্যানেজার মো. আনোয়ার হোসেন মঙ্গলবার (১০ ফ্রেরুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন, ডেমরান এলাকার আব্দুল আলীম, লিয়াকত আলী, মোবারক হোসেন, মো. খায়রুল ইসলাম মো. কামাল হোসেন, মো. রবিউল হোসেন বাবুসহ অজ্ঞাত ১০/১২জন। 

ভুক্তভোগীরা জানান, ডেমরান এলাকার পূর্ব চকে সরকারি ডিপ টিউবয়েলের পানি মাটির লিকে যাওয়ায় সোমবার গভীর রাতে অভিযুক্তরা সরকারি সেচ প্রকল্পে হামলা চালায়। এ সময় তারা ওই প্রকল্পের দুটি বৈদ্যুতিক মোটর ভাঙচুরসহ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আনোয়ার হোসেন এবং চালক আতাউর রহমানকে মারধর করে। হামলার পর সেচ প্রকল্পটিতে তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

এ প্রসঙ্গে আতাউর রহমান বলেন, ‘‘রাতে আমি ডিপ টিউবয়েল চালাই। আমি মোটর চালু দিয়ে ঘরে শুয়ে ছিলাম। রাত অনুমানিক সাড়ে ১২টার দিকে মাটির লিকের লিয়াকত, আব্দুল আলীমসহ কয়েকজন এসে আমার ডিপ টিউবয়েলের ঘরের চাল ভেঙে ভিতরে প্রবেশ করে আমাকে মারধর করে এবং মাটির লিক শেষ না হওয়া পর্যন্ত মেশিন চালালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে তারা ডিপ টিউবয়েলের ঘরে তালা দিয়ে চলে যায়।  

প্রজেক্ট ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, ‘‘রাত আনুমানিক সাড়ে ১২টা দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত কয়েকজন ব্যক্তি প্রকল্প এলাকায় প্রবেশ করে প্রায় দুই ঘণ্টা ধরে বৈদুৎতিক মোটরের ঘরে ভাঙচুর চালায়। হামলায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘অভিযুক্তরা হুমকি দিয়ে বলেছেন, মাটির লিকের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেচ প্রকল্প চালানো যাবে না। ফলে সেচ বন্ধ থাকায় এলাকার তিন ফসলী জমিতে ধান চাষ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।’’

স্থানীয় কৃষকদের অভিযোগ, অবৈধভাবে মাটি কাটার কারণে তাদের কৃষি জমি নষ্ট হচ্ছে। সেচ প্রকল্প বন্ধ থাকায় জমিতে পানি দেওয়া সম্ভব হচ্ছে না, এতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। হামলার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এ ছাড়া তারা দ্রুত সেচ প্রকল্প চালু ও ক্ষতিপূরণের দাবি জানান।

এ বিষয়ে বিআইডিসির কর্মকর্তা মো. রোকন উদ্দিন বলেন, ‘‘আমি সেচ প্রকল্প বন্ধ করে দেওয়ার বিষয়টি শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’ 

এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ সালমান হাবীব বলেন, ‘‘ঘটনার বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। নির্বাচনের কারণে ব্যস্ত থাকায় পুলিশকে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। অবৈধ ভূমি দখল ও সেচ প্রকল্পে হামলার ঘটনায় অবশ্যই দোষীদের আইনের আওতায় আনা হবে।’’

ঢাকা/সাব্বির//

সর্বশেষ

পাঠকপ্রিয়