ঢাকা     মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কারাগার থেকে মুক্তির দেড় ঘণ্টা পর যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
কারাগার থেকে মুক্তির দেড় ঘণ্টা পর যুবককে কুপিয়ে হত্যা

জামিনে মুক্তির পর হত্যা করা হয় ইমনকে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়া ইমন (৩৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বাড়িতে যাওয়ার দেড় ঘণ্টা পর তাকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছেন স্বজনরা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় সাদেক–বাবুল মিয়ার বাড়ির সামনে হত্যাকাণ্ডটি ঘটে।

আরো পড়ুন:

নিহত ইমন মাসদাইর গুদারাঘাট এলাকার ওমর খৈয়ামের ছেলে। 

নিহতের বাবা ওমর খৈয়াম জানান, দীর্ঘ কারাভোগ শেষে সোমবার রাত সাড়ে ৭টার দিকে জামিনে কারাগার থেকে বের হয়ে বাসায় আসে ইমন। কিছুক্ষণ পর ফেরদৌস নামে এক ব্যক্তি মোবাইলে ফোন করে তাকে গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় বাবুল মিয়ার বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে নিয়ে ফেরদৌস তার ছেলেকে সন্ত্রাসী জাহিদ, চক্ষু হৃদয় ও বিল্লালের ছেলে হৃদয়সহ আরো কয়েকজনের হাতে তুলে দেন।

এরপর জাহিদসহ অপর সন্ত্রাসীরা ইমনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় ইমন দৌঁড়ে পাশের সাদেক মিয়ার বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। সেখানেও তাকে কুপিয়ে রেখে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইমনকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

ওমর খৈয়াম জানান, হত্যাকারীদের মধ্যে চক্ষু হৃদয়ও সোমবার জামিনে কারাগার থেকে বের হয়েছেন। ইমন তার সঙ্গে ইলেকট্রিকের কাজ করতেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়