ঢাকা     মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
পঞ্চগড়ে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

দুর্ঘটনার পর জব্দ করা বাস।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত দেবীগঞ্জ-সোনাহার সড়কের মগবাজার এলাকার ধরধরা ব্রিজ সংলগ্ন স্থানে দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহতরা হলেন- দেবীগঞ্জ পৌর শহরের আব্দুলপুর এলাকার আজাদ হোসেনের স্ত্রী মমতাজ পারভীন ও তার পাঁচ বছর বয়সী মেয়ে মুনতাহা। 

আরো পড়ুন:

নিহত মমতাজের বাবার বাড়ি দেবীগঞ্জ সদর ইউনিয়নের গজপুরী এলাকায়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মমতাজের ভাগ্নে মনিরুল ইসলাম। তিনিও গুরুতর আহত হয়েছেন। একই মোটরসাইকেলে থাকা মমতাজের আরেক মেয়ে মুবাশ্বিরা আঘাত পেলেও আশঙ্কামুক্ত রয়েছে। মুনতাহা ও মুবাশ্বিরা যমজ বোন। মমতাজ খারিজা গুয়াগ্রাম হাজরাডাঙ্গা দাখিল মাদ্রাসার শিক্ষিকা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাহার থেকে দেবীগঞ্জের দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। ধরধরা ব্রিজের কাছে পৌঁছালে বাসটি সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ফলে মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত চলে যায়। খবর ছড়িয়ে পড়লে সোনাহার বাজার এলাকায় স্থানীয়রা বাসটি এবং এর চালককে আটকে রাখেন। দেবীগঞ্জ থানা পুলিশ বাস ও চালককে হেফাজতে নেয়। আটক চালক নীলফামারী জেলার ইটাখোলা মাস্টারপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে মাহাবুল ইসলাম। 

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনিরুজ্জামান বলেন, “নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।”

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়