স্কুলের পরিত্যক্ত টয়লেটের ট্যাংক থেকে তরুণের লাশ উদ্ধার
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেটের ট্যাংক থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) সকালে স্থানীয়রা ট্যাংকের মধ্যে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। লাশটি মনির রাঢ়ীর (২০), তিনি পালপাড়া গ্রামের বাসিন্দা মো. সুলতান রাঢ়ীর ছেলে।
হিজলা থানার ওসি আদিল হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই তরুণকে হত্যার পর লাশ ট্যাংকের ভেতর ফেলে রেখেছে। পুরো ঘটনা তদন্তে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
ঢাকা/পলাশ/রাজীব