ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাল যার, জলা তার: নুর

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ১৬ মার্চ ২০২৬  
জাল যার, জলা তার: নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, “অনেক সময় জেলেরা মাছ ধরতে গেলে যে বেরজাল দেয়, ওইগুলো নাকি ইজারা দেয়। এখন থেকে সব ক্ষেত্রে ইজারা যেন না দিতে হয়, সেই ব্যবস্থা করা হবে। জাল যার, জলা তার; যাদের জাল আছে তারাই মাছ ধরবে, এখানে কোনো ইজারা হবে না।” 

সোমবার (১৬ মার্চ) দুপুরে পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের শান্তিবাগ এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “গলাচিপা ও দশমিনাকে শান্তি এবং সম্প্রীতির নতুন জনপদে পরিণত করতে চাই। ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া, ফ্যাসাদ, মারামারি করবেন না। কিছুদিন আগে আমার নিজের এলাকা চর বিশ্বাসে দেখেছি, নিজেদের পরিবারের একজনকে এমনভাবে কুপিয়েছে, যেন মনে হয়, গরু কুপিয়েছে। এভাবে একজন অপরজনকে কোপাতে পারে! রোজার মাসে এটা হিংস্রতা ও বর্বরতার পরিচয়। আল্লাহ আমাদের এসব হিংস্রতা, বর্বরতা, অন্যের হক মেরে খাওয়া ও অন্যায়-অবিচার থেকে রক্ষা করুক।” 

তিনি বলেন, “প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিতে বিপ্লব আনার, কৃষি অর্থনীতি প্রসারিত করার জন্য খাল খননের যে উদ্যোগ নিয়েছেন, সেটি বাস্তবায়নে হয়ত কিছু কিছু ক্ষেত্রে কিছু ঘরবাড়ি ভাঙতে পারে। সরকারি কাজের জন্য যেখানে যা স্যাক্রিফাইস করা লাগে, বৃহৎ স্বার্থে আমাদের তা করতে হবে।” 

প্রতিমন্ত্রী আরো বলেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কোথায় কী হচ্ছে, কোনো মানুষ আহত হচ্ছে কি না, কোনো মানুষ মারা যাচ্ছে কি না, প্রতিনিয়ত মন্ত্রণালয় আপডেট রাখছে।”

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী নুরুল হক নুর নিজ হাতে কোদাল দিয়ে খাল থেকে মাটি কেটে মাথায় ঝুড়ি তুলে বহন করে খনন কাজের উদ্বোধন করেন।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইমরান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়