ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খাল খননে কৃষি উৎপাদন বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ১৬ মার্চ ২০২৬  
খাল খননে কৃষি উৎপাদন বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় মহিষাখালী খাল খনন কাজের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

দীর্ঘ প্রায় ৪৫ বছর পর দেশে পুনরায় খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার উদ্যোগকে অনুসরণ করে দেশব্যাপী ৫৪টি জেলায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে নরসিংদীতেও শুরু হয়েছে খাল খনন কার্যক্রম।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় মহিষাখালী খাল খনন কাজের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

আরো পড়ুন:

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী এবং নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ জেলা বিএনপির নেতা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। এতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমে আসবে। পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতাও কমবে।

তিনি আরও বলেন, “এই প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। কাজের মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”

স্থানীয়রা আশা করছেন, মহিষাখালী খাল খনন সম্পন্ন হলে এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যারও সমাধান হবে।
 

ঢাকা/হৃদয়/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়