বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও ডিজেল মজুত, ২ ব্যবসায়ীকে জরিমানা
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ডিজেল মজুতের দায়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়নে এক ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও ডিজেল মজুতের অপরাধে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ও চৌরঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, টুঙ্গিপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলেন গোপালগঞ্জের পিএম এন্টারপ্রাইজের কর্মচারী সাদ্দাম শেখ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, পাটগাতী ইউনিয়নের চৌড়ঙ্গি এলাকায় অবৈধভাবে ডিজেল মজুতের দায়ে মাসুদ মোল্লা নামে এক ব্যবসায়ীকে কৃষি বিপনন ও পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, “সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও অবৈধভাবে ডিজেল মজুত করা অপরাধ। তাই দুই ব্যবসায়ীকে ৩০ জরিমানা টাকা জরিমানা করা হয়েছে। বাজারে দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/বাদল/মাসুদ