নোয়াখালীতে ৩ হাজার লিটার ডিজেল জব্দ
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জব্দকৃত ডিজেল।
নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে মজুত করা প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তারা। জব্দকৃত তেলের বাজার মূল্য তিন লাখ টাকা।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকায় অবৈধভাবে মজুতকালে ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। পরে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করে জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি তিনি জব্দকৃত তেল লাইসেন্সকৃত ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির নির্দেশনা দেন।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, “অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/সুজন/মাসুদ