ঢাকা     রোববার   ১২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৯ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে নারীদের মারধরের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ১২ এপ্রিল ২০২৬  
লক্ষ্মীপুরে নারীদের মারধরের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

গ্রেপ্তার আফতাব উদ্দিন ভূঁইয়া ওরফে সোহাগ।

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কয়েকজন নারীকে পেটানোর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত আফতাব উদ্দিন ভূঁইয়া ওরফে সোহাগ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এ তথ্য জানান।

আরো পড়ুন:

এর আগে, দুপুরে এ ঘটনায় সদর থানায় মামলা হয়। বিকেলে অভিযুক্তকে নারী নির্যাতন ও শ্লীলতাহানির ওই মামলায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলায়  আরো ছয়জনকে আসামি করা হয়েছে।  

গ্রেপ্তার আফতাব পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর গ্রামের মৃত ছিদ্দিক উল্যার ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, সাহাপুর গ্রামের চাঁনগাজী হাওলাদার বাড়ির ইসমাইল হোসেনের সঙ্গে আফতাব উদ্দিনের জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এরই জেরে গত ৯ এপ্রিল আফতাবের নেতৃত্বে তার পরিবারের অন্য সদস্যরা ইসমাইল ও তার পরিবারের নারী সদস্যদের ওপর হামলা করেন। এ ঘটনায় কয়েকজন আহত হন। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আফতাব উদ্দিন কয়েকজন নারীকে মারধর ও শ্লীলতাহানি করছেন। এসময় হামলার শিকার নারীরা তার হাত থেকে রক্ষা পেতে চিৎকার করতে থাকেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনা শুরু হয়। 

এ ঘটনার পর শনিবার দুপুরে সদর থানায় মামলা করেন ভুক্তভোগী ইসমাইল হোসেনের স্ত্রী ফারহানা আক্তার (৩৫)। এতে আফতাব, তার ভাই মাহাতাব (৪৫), ভাতিজা মো. আবির (২০), ভাবী আরজু আক্তার (৩৫), মা হালিমা বেগম (৬০), তাদের সহযোগী অহিদা আক্তার (৫০) ও অহিদার ছেলে মো. শাকিলকে (৩৫) আসামি করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, নারীর প্রতি সহিংসতার অভিযোগে এজাহার নামীয় প্রধান আসামি আফতাবকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে আসামি আফতাবকে বাদী পক্ষের নারীদের মারধর করতে দেখা যায়।

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়