জায়নবাদী আগ্রাসনে বিশ্বশক্তির সম্পৃক্ততা: মাহমুদুর রহমান
জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
২৪ ফেব্রুয়ারি জকসু আয়োজিত ‘বিশ্বব্যাপী জায়নবাদী আগ্রাসন ও গাজায় মানবাধিকার লঙ্ঘন: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাহমুদুর রহমান
বিশ্বব্যাপী জায়নবাদী আগ্রাসনের সঙ্গে কেবল ইসরাইলই নয়, আমেরিকা ও ইউরোপের শক্তিগুলোও সরাসরি সম্পৃক্ত, এমন মন্তব্য করেছেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি মনে করেন, গাজায় চলমান গণহত্যার পেছনে ধর্মীয় বিশ্বাস, বিশ্ব জ্বালানি নিয়ন্ত্রণ এবং ভূরাজনৈতিক কৌশলগত আধিপত্য প্রতিষ্ঠার লড়াই কাজ করছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে ‘বিশ্বব্যাপী জায়নবাদী আগ্রাসন ও গাজায় মানবাধিকার লঙ্ঘন: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, “মুসলিম বিশ্বে অনৈক্যের কারণেই জায়নবাদী আগ্রাসন ও গাজায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে। এ সংকটের পেছনে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি অর্থনৈতিক ও ভূরাজনৈতিক গুরুত্বও বড় ভূমিকা রাখছে।”
তার মতে, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের মতো একটি ছোট রাষ্ট্রের পক্ষে সামরিক বা অর্থনৈতিকভাবে সরাসরি প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়। তবে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখা যেতে পারে।
রাষ্ট্রীয় সক্ষমতা সীমিত হলেও বাংলাদেশ নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও কূটনৈতিক অবস্থান থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে জনমত গঠন, গবেষণা-প্রকাশনা, বিশ্লেষণধর্মী লেখালেখি এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর অবস্থান নেওয়া সম্ভব, বলেও তিনি মনে করেন।
জকসুর জিএস আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ইন্তিফাদা ফাউন্ডেশনের মোহায়মিনুল হাসান রিয়াদ এবং ড. আবু লায়েক।
জকসুর আন্তর্জাতিক সম্পাদক নওশীন নাওয়ার জয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে জকসুর এজিএস মাসুদ রানাসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ঢাকা/লিমন/জান্নাত