ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাকৃবিতে মতাদর্শের দ্বন্দ্বে মারধরের অভিযোগ

বাকৃবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ২০ এপ্রিল ২০২৬  
বাকৃবিতে মতাদর্শের দ্বন্দ্বে মারধরের অভিযোগ

হাসিবুল হাসান কৌশিক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঈশা খাঁ হলের শিক্ষার্থীদের বিরুদ্ধে কৃষি অনুষদের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী হাসিবুল হাসান কৌশিক কৃষি অনুষদের ৬১তম ব্যাচের শিক্ষার্থী এবং বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

ভুক্তভোগীর অভিযোগ, সোমবার (২০ এপ্রিল) আনুমানিক দুপুর ১২টার দিকে পরীক্ষা শেষ করে বের হওয়ার সময় ঈশা খাঁ হলের কিছু শিক্ষার্থী পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। তিনি জানান, বিভিন্ন ব্যাচের প্রায় ৪০–৫০ জন শিক্ষার্থী তাকে ঘিরে ধরে মারধর করে। হামলার সুনির্দিষ্ট কারণ তিনি জানাতে না পারলেও তার দাবি, হামলাকারীদের কয়েকজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং মতাদর্শগত ভিন্নতার কারণেই এ ঘটনা ঘটতে পারে।

আরো পড়ুন:

হামলাকারীদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করার কথাও জানান কৌশিক। তার ভাষ্য অনুযায়ী, প্রথমে তার মাথার পেছনে আঘাত করেন একই ব্যাচের শিক্ষার্থী সানি। তার সঙ্গে মিম, মাইন, সিয়াম ও দিগন্ত ছিলেন। এছাড়া ৬৩তম ব্যাচের মিশুক, নাফিস, শিপন, নাঈম ও মৃদুল এবং ৫৮তম ব্যাচের শাকিব ও নিশাত দূর থেকে হামলায় নেতৃত্ব দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

অভিযুক্তদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ওপর চাপানো হচ্ছে। তাদের ভাষ্য, তারা কথা বলছিলেন, এমন সময় হঠাৎ করেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এ বিষয়ে ঈশা খাঁ হলের প্রভোস্ট অধ্যাপক জিয়াউল হক বলেন, “কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি ধারণা করছেন, আগের দিন দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

অন্যদিকে, বাকৃবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক কাজী ফরহাদ কাদির বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কমিটি গঠন করা হবে এবং যারা জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/লিখন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়