ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে জলবায়ু অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে সংলাপ

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ১৮ মে ২০২৬  
ঢাবিতে জলবায়ু অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে সংলাপ

বাংলাদেশে জাতীয়ভাবে নির্ধারিত জলবায়ু অঙ্গীকার (এনডিসি ৩.০) বাস্তবায়নের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি, তরুণদের সম্পৃক্ততা ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করেন বিভিন্ন খাতের প্রতিনিধিরা।

সোমবার (১৮ মে) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘NDC 3.0 Dialogues: From Commitments to Action’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে ‘ইয়োথ ফর এনডিসিএস’।

আরো পড়ুন:

এতে অংশীদার হিসেবে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, European Union Delegation to Bangladesh, সুইডেন দূতাবাস, জার্মান দূতাবাস, জিআইজেড এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ উদ্যোগে কৌশলগত সহায়তা দেয়।

সংলাপে সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, তরুণ জলবায়ু কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ প্রায় ৩০০ জন অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঘোষিত প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত ও তরুণদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”

তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হলেও বৈশ্বিক জলবায়ু আলোচনায় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। তবে জলবায়ু লক্ষ্য বাস্তবায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আর্থিক সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা ও কার্যকর সমন্বয় প্রয়োজন।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা তুলে ধরে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে জলবায়ু নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তরুণদের জলবায়ু কার্যক্রমের সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।”

সংলাপের প্রথম পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে জলবায়ু অর্থায়ন, প্রাতিষ্ঠানিক সমন্বয়, প্রযুক্তি ও উদ্ভাবন, স্থানীয় সরকার পর্যায়ে বাস্তবায়ন এবং তরুণদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন। পরে এসব বিষয়ে বিভিন্ন সুপারিশও প্রণয়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার এবং জার্মান দূতাবাসের ডেভেলপমেন্ট কো-অপারেশনের প্রধান উলরিখ ক্লেপম্যান।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়