জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, “শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে সরকার।”
“একইসঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া এনটিআরসিএর মাধ্যমে সম্পন্ন এবং আর্থিক স্বচ্ছতা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়েছে।”
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের ১১তম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়।
নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ এনটিআরসিএর মাধ্যমে সম্পন্ন করা, আর্থিক স্বচ্ছতা নীতিমালা প্রণয়ন, জাল সনদধারী শিক্ষক চিহ্নিতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের র্যাঙ্কিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।”
শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তিনির্ভর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব', ফ্রি ওয়াই-ফাই এবং শিক্ষক প্রশিক্ষণসহ সমন্বিত প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষক সংকট নিরসনে শূন্য পদের তালিকা পিএসসিতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।”
তিনি আরো জানান, শিক্ষা ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করতে ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম' চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষক উপস্থিতি, পাঠদান কার্যক্রম এবং একাডেমিক তদারকি জোরদার করা হচ্ছে। আগামী অর্থবছরে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন' চালুর পরিকল্পনাও রয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, “অ্যাক্সিলারেটিং সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও মনিটরিং ব্যবস্থা জোরদারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে।”
ঢাকা/আসাদ/সাইফ
ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ