বাবার নামে নওয়াজউদ্দিনের স্বপ্নের বাংলো
জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ভারতের উত্তরপ্রদেশের বুধানায় তার জন্ম। কৃষক পরিবারের সন্তান নওয়াজউদ্দিন মুম্বাইয়ে নির্মাণ করেছেন নিজের স্বপ্নের বাংলো। আর বাবার নামের সঙ্গে মিল রেখে এই বাংলোর নাম দিয়েছেন নওয়াব।
নওয়াজের বাড়ির ছবি প্রকাশ্যে আসতেই সবার চোখ কপালে উঠেছে। শাহরুখ খান, সালমান খানের বাড়িকেও হার মানাবে তার এই ‘রাজ প্রাসাদ’। এটি নির্মাণ করতে তিন বছর সময় লেগেছে। বুধানায় তার গ্রামের পুরোনো বাড়ির সঙ্গে মিল রেখেই এই বাংলো বানানো। নতুনের সঙ্গে মিলেছে পুরোনোর ছোঁয়া। গোটা বাংলোকে সাদা রঙ করেছেন তিনি, যা দিয়েছি রাজকীয় লুক।
অনেক কাঠখড় পুড়িয়ে আজকের অবস্থানে নওয়াজ। ১৯৯৯ সালে আমির খান অভিনীত ‘সারফারোশ’ সিনেমায় খুব অল্প সময়ের জন্য তাকে দেখা গেছে। এরপর অনেক সিনেমাতেই ছোটখাটো চরিত্রে পর্দায় হাজির হয়েছেন। রাজকুমার হিরানির ‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমায় একজন পকেটমারের চরিত্রে অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন। তবে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমার মাধ্যমে আলাদা পরিচিতি পান তিনি। পরবর্তী সময়ে ‘লাঞ্চবক্স, ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’, ‘বজরঙ্গি ভাইজান’সহ বেশকিছু সিনেমায় তার অভিনয় প্রতিভার প্রমাণ রেখেছেন। বহু মানুষ ভক্ত হয়েছে তার।
নওয়াজের ঝুলিতে বর্তমানে একাধিক প্রজেক্ট রয়েছে। ‘সঙ্গিন’ এবং ‘জোগিরা সা রা রা’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়া ‘বোল চুড়িয়া’ সিনেমার বড় অংশের শুটিং শেষ করেছেন এই অভিনেতা। পাশাপাশি একটি মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের কাজ করছেন নওয়াজউদ্দিন।
ঢাকা/মারুফ