লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক হামলা ইসরায়েলের
ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (২ মার্চ) ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের রাজধানী বৈরুতে বোমা বর্ষণ করেছে। খবর আল-জাজিরার।
ইরান-ঘনিষ্ঠ লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার ভোরে জানায়, তারা উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেনি হত্যার প্রতিশোধ নিতে, ‘লেবানন ও তার জনগণকে রক্ষা করতে’ এবং ‘বারবার ইসরায়েলি আগ্রাসনের জবাবে’ এই হামলা চালানো হয়েছে।
ইসরায়েল দ্রুত দক্ষিণ বৈরুতে বিমান হামলার মাধ্যমে এর জবাব দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম এবং দেশের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরায়েলি হামলার খবর দিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবাননজুড়ে ‘হিজবুল্লাহর ওপর জোরালো আক্রমণ’ চালাচ্ছে। সেনাবাহিনী বলেছে, “ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর এই অভিযানে যোগ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করবে এবং সংগঠনটিকে ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করতে বা উত্তরের বাসিন্দাদের ক্ষতি করতে দেবে না।” তারা আরও যোগ করেছে, “হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠন লেবানন রাষ্ট্রকে ধ্বংস করছে। এই উত্তেজনার দায় তাদেরই এবং ইসরায়েলি সামরিক বাহিনী এই ক্ষতির কঠোর জবাব দেবে।”
পরবর্তীতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা বৈরুত এলাকায় হিজবুল্লাহর ‘সিনিয়র’ সদস্যদের এবং দক্ষিণ লেবাননে এক শীর্ষ নেতাকে লক্ষ্যবস্তু করেছে, তবে বিস্তারিত কিছু জানায়নি।
ইসরায়েল দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকার বিনত জবেইল শহরসহ ৫০টিরও বেশি গ্রামের মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে ভবনগুলো থেকে অন্তত ১ কিমি দূরে থাকার নির্দেশ দিয়েছে। এত বিশাল এলাকার জন্য এই সতর্কবার্তা গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় জারি করা গণ-উচ্ছেদ আদেশের অনুরূপ।
ঢাকা/ফিরোজ