মাদক মামলায় ৩ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
গুলশান থানায় দায়ের করা ২৫ লাখ টাকার মাদকের (মদ) মামলায় কালাম রিয়েল এস্টেটের মালিকের ছেলে ফয়সাল কালামসহ তিন জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করেন তাদের একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
অপর দুই আসামি হলেন- ফয়সালের গাড়ি চালক নুর আলম ও ইব্রাহিম খলিল।
গত ২৬ আগস্ট সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গুলশান-১ এর ১২৮ নম্বর রোডের ৬ নম্বর বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখান থেকে জব্দ করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ১৪৯টি বিদেশি মদের বোতল। এছাড়া ১১৩ নম্বর রোডের কালাম রিয়েল এস্টেটের অফিস থেকেও বিদেশি মদ জব্দ করা হয়। যার পরিমাণ ১৮৩ লিটার এবং বাজার মূল্য ২৫ লাখ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক এস এম শামসুল কবীর গুলশান থানায় মামলা দায়ের করেন।
পরদিন তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর হয়। আদালত জামিন শুনানির জন্য রোববার (২৯ আগস্ট) দিন ধার্য করে দেন। কিন্তু রোববার মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোহাম্মদপুর সার্কেলের পরিদর্শক মুহাম্মদ সাজেদুল ইসলাম তিন আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড ও জামিন শুনানির দিন মঙ্গলবার (৩১ আগস্ট) ধার্য করেন।
এদিন শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়।
আসামিদের পক্ষে অ্যাডভোকেট হোসাইন তালুকদার (সুজন) রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদের একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বলে গুলশান থানার মাদক জিআর থেকে জানা গেছে।
ঢাকা/মামুন/সনি
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৭, আক্রান্ত ১২১৫