নতুন অধ্যায়ে বাংলাদেশকে যুক্তরাজ্যের স্বাগত: ব্রিটিশ হাইকমিশনার
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেটে বুধবার আয়োজিত ইফতার মাহফিলে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেছেন, “অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের যাত্রা বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়ের সূচনা করেছে। যুক্তরাজ্য এই নতুন অধ্যায়কে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।”
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটের বিমানবন্দর এলাকার পাঁচতারকা গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে যুক্তরাজ্য হাইকমিশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সারাহ কুক বলেন, “একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ শুধু এ দেশের জনগণের জন্যই নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্য নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত এবং দুই দেশের অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্য ইতোমধ্যে বাংলাদেশের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী দেশ। এখানে ইউনিলিভার, এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো বড় ব্রিটিশ প্রতিষ্ঠান বিনিয়োগ করছে। পাশাপাশি ‘ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম’-এর আওতায় বাংলাদেশ বর্তমানে ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। এলডিসি থেকে উত্তরণের পরও এই সুবিধা আরো তিন বছর অব্যাহত থাকবে এবং পরবর্তীতেও অধিকাংশ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার বজায় থাকবে বলে জানান তিনি।
সারাহ কুক বলেন, “সিলেট যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রবাসী সিলেটি কমিউনিটি প্রজন্মের পর প্রজন্ম যুক্তরাজ্যের অর্থনীতি, সংস্কৃতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।” তিনি এই অবদানের প্রশংসা করেন।
ইফতার অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার বলেন, “যুক্তরাজ্য ও বাংলাদেশ অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা রক্ষায় একসঙ্গে কাজ করছে। ভুয়া বা বিভ্রান্তিকর ভিসা প্রস্তাবের মাধ্যমে মানুষকে প্রতারিত করে এমন অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।” বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা/রাহাত/মাসুদ