যশোরে সাড়ে ৬ কোটি টাকার হীরাসহ ভারতীয় আটক
নিজস্ব প্রতিবেদক যশোর || রাইজিংবিডি.কম
যশোরে বিশেষ অভিযান চালিযে প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকার হীরা ও বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয়কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কে নওয়াপাড়া বাজার-সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি ঢাকা থেকে হীরাগুলো নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে যাচ্ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি ভারতের তামিলনাড়ু প্রদেশের বাসিন্দা। এক মাস ধরে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন।
ওই ভারতীয় ব্যক্তির কাছ থেকে প্রায় ১৫৫.৭৬ গ্রাম ওজনের হীরা জব্দ করা হয়েছে। এছাড়াও তার কাছ থেকে ৫ হাজার ৫০০ টাকা, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ৫৫০ ইউএস ডলার, ২০০ থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ঘড়ি জব্দ করা হয়েছে।
জব্দ করা হীরা ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৬২ লাখ ৫৮ হাজার ১৬১ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা হীরা, বৈদেশিক মুদ্রা ও অন্যান্য মালামাল ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
ঢাকা/রিটন/রফিক
আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিষয়টি বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী