চুপচাপ সরে গেলেন বিসিবির পরিচালক ইয়াসির
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে অসন্তোষ দানা বাঁধছে। পরিচালকরা ভেতরে ভেতরে ক্ষোভে ফুসছেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বোর্ড পরিচালনায় অসন্তুষ্ট অনেকেই। এর আগে দুজন পরিচালক বোর্ড থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সেই তালিকায় যোগ হলেন আরো একজন।
শোনা যাচ্ছে সামনেও বোর্ড পরিচালকদের মধ্যে আরো দুয়েকজন পদত্যাগ করতে পারেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবি পরিচালক ও লজিস্টিকস এন্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। ইয়াসির জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে ক্রিকেট বোর্ডে এসেছিলেন। গণমাধ্যমের আড়ালেই ছিলেন তিনি। খুব বেশি বোর্ডে তার যাতায়াতও ছিল না। তবুও কেন পদত্যাগ করলেন ইয়াসির?
উত্তর জানতে মুঠোফোনে যোগাযোগ করা তিনি বলেন, ‘‘ব্যক্তিগত কারণেই আমার সরে যাওয়া। এছাড়া আর কোনো কারণ নেই। সরাসরি আমি নিজেই বোর্ড সভাপতিকে নিজের পদত্যাগপত্র দিয়েছি। তিনিও সেটা গ্রহণ করেছেন। এর বাইরে কিছু নেই।’’
বাইরের কোনো চাপ কিংবা ক্রীড়া পরিষদের কোনো প্রভাব এই সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত কিনা তাও জানতে চাওয়া হয়েছিল। উত্তরে ইয়াসির বলেছেন, ‘‘এখানে ভিন্ন কোনো কারণ নেই। বাইরের কিসের চাপ থাকবে। আমি নিজের ইচ্ছাতে সরে যাচ্ছি। যতদিন দায়িত্বে ছিলাম, চেষ্টা করেছি ঠিকঠাকভাবে কাজ করার। কাজটা এখন উপভোগ করছি না। তাই চুপচাপ সরে যাচ্ছি। এতোটুকুই।’’
এর আগে গত মাসের শেষের দিকে বিসিবির পরিচালক পদ থেকে সরে দাঁড়ান আমজাদ হোসেন। তার আগে বিসিবির আরেক পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেন।
আগামী ৪ এপ্রিল পরিচালনা পর্ষদের পরবর্তী সভা ডেকেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শেষ নির্বাচন নিয়ে বিসিবি এমনিতেই আছে চাপের মধ্যে। বিসিবি নির্বাচন নিয়ে প্রশ্ন উঠায় জাতীয় ক্রীড়া পরিষদ স্বাধীন কমিটি তৈরি করে তদন্ত করছে।
এই তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আমিনুল এবং নির্বাচিত বোর্ডে বাইরের হস্তক্ষেপের সম্ভাব্য পরিণতির দিকে ইঙ্গিত করে জাতীয় ক্রীড়া পরিষদকে সতর্ক করেন তিনি। বোর্ডের অন্য পরিচালকদের সঙ্গে আলোচনা ছাড়াই নেওয়া এই সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করেছে। অনেকের মতে, দায়িত্ব নেওয়ার পর থেকেই সিদ্ধান্ত গ্রহণে এমন একক অবস্থানই দেখিয়ে আসছেন আমিনুল। একাধিক পরিচালক জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কীভাবে নেওয়া হচ্ছে, সে বিষয়ে তারা প্রায় অন্ধকারে রয়েছেন।
ঢাকা/ইয়াসিন
আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিষয়টি বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী