ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা করেছে খুবি প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ২ এপ্রিল ২০২৬   আপডেট: ২০:০২, ২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা করেছে খুবি প্রশাসন

সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদারের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মাহবুবুর রহমান বাদী হয়ে খুলনা সদর থানায় মামলাটি করেন।

আরো পড়ুন:

এর আগে, ঘটনার পরদিন ৩১ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘাতক চালককে গ্রেপ্তার, সংশ্লিষ্ট গাড়ি জব্দ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে পৃথকভাবে চিঠি দেয়।

এদিকে, বৃহস্পতিবার বেলা ১১টায় ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় উপাচার্য ড. মো. রেজাউল করিম সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

তিনি বলেন, “মৌমিতার মৃত্যুর তিন দিন পেরিয়ে গেলেও ঘাতক চালক ও গাড়ি শনাক্ত না হওয়া অত্যন্ত হতাশাজনক। আমাদের পুলিশের সঙ্গে একাধিকবার কথা হয়েছে এবং তদন্ত চলমান থাকলেও সিসিটিভি ফুটেজ অস্পষ্ট হওয়ায় এখনো চালককে শনাক্ত করা যায়নি।”

উপাচার্য আরো বলেন, “সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য সিটি করপোরেশন ও জেলা পরিষদ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিহতের পরিবার মামলা না করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ উদ্যোগে মামলা করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্পিড ব্রেকার মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, গত ৩০ মার্চ সন্ধ্যায় খুলনা জেলা পরিষদ ভবনের সামনে একটি প্রাইভেটকারের ধাক্কায় রিকশা থেকে পড়ে নিহত হন মৌমিতা হালদার। তিনি আইন ডিসিপ্লিনের ২০২১ ব্যাচের শিক্ষার্থী এবং বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।

ঢাকা/নুরুজ্জামান/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়