ভারতে হাদি হত্যার তিন আসামি ফের ১৪ দিনের রিমান্ডে
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন
বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, তার সহযোগী আলমগীর হোসেন এবং অভিযুক্তদের দেশ ছেড়ে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাকে ফের ১৪ দিনের জেল রিমান্ডের নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ১৪ দিনের রিমান্ড শেষে তাদের কলকাতার বিধাননগর মহকুমা আদালতে ভার্চুয়ালি হাজির করা হয়।
কলকাতায় চলমান অবৈধ অনুপ্রবেশের মামলার বিপরীতে এদিন এসটিএফ তিন আসামির বিরুদ্ধে তাদের নথি পেশ করে। মূল দুই অভিযুক্ত দিল্লিতে পৃথক ইউএপিএ মামলায় এনআইএ হেফাজতে থাকায় তিনজনের কাউকেই বৃহস্পতিবার আদালতে স্বশরীরে হাজির করা হয়নি।
তিন আসামির মধ্যে ফিলিপ সাংমাকে দমদম সেন্ট্রাল জেল থেকে ও ফয়সাল ও আলমগীরকে দিল্লির এনআইএ হেফাজত থেকে এদিন ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। এরপরেই বিচারক আগামী ১৬ এপ্রিল তিনজনের পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
প্রসঙ্গত, গত ২২ মার্চ পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে তোলা হয় ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে। পরে আদালতের অনুমতিতে গত ২৩ মার্চ ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) জিজ্ঞাসাবাদের জন্য তাদের দিল্লিতে নিয়ে যায়। এরপর থেকে তারা দিল্লিতেই রয়েছেন।
ঢাকা/সুচরিতা/ফিরোজ
আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিষয়টি বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী