ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ২৯ মে ২০২৬  
অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন বাংলাদেশে অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

আরো পড়ুন:

শুক্রবার (২৯ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সাংবাদিকতা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং পেশা। এমন কোনো জায়গা নেই যেখানে সাংবাদিকরা নির্যাতনের শিকার হননি। সাগর-রুনি হত্যা মামলার রহস্য আজও উদঘাটন হয়নি।” 

সাংবাদিকতাকে ছোট করে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, “সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্র গঠনে বিশাল ভূমিকা রয়েছে। দায়িত্বহীন সাংবাদিকতা দেশ ও জাতির জন্য ক্ষতিকর।” 

সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “সংবাদ প্রকাশের আগে অবশ্যই অভিযুক্ত বা বিপরীত পক্ষের বক্তব্য নেওয়া উচিত।” বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য প্রচুর পড়ালেখার আহ্বান জানান তিনি।

বিএনপির মহাসচিব বলেন, “সাংবাদিকদের মধ্যে ঐক্যের অভাব রয়েছে বলেই অনেকেই ওয়েজবোর্ড অনুযায়ী ন্যায্য বেতন পান না।” বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের পর দেশে নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগ কাজে লাগিয়ে দেশ ও মানুষের পক্ষে কাজ করতে হবে।”

সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রমকে যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এর মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করা হবে।” 

সভায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়