ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাজেটকে কেন্দ্র করে লাইব্রেরি উন্নয়নের দাবি চাকসুর

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ১৮ মে ২০২৬  
বাজেটকে কেন্দ্র করে লাইব্রেরি উন্নয়নের দাবি চাকসুর

নতুন অর্থবছরের বাজেট অনুমোদনের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগারকে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। একই সঙ্গে একটি পূর্ণাঙ্গ শহরভিত্তিক লাইব্রেরি স্থাপনেরও আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে লাইব্রেরির সার্বিক সংস্কার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

আরো পড়ুন:

লিখিত বক্তব্যে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব দুই দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, “২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট অনুমোদনের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিকে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত করার কার্যকর উদ্যোগ নিতে হবে।”

তিনি আরো বলেন, “শহরে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য দ্রুত একটি পূর্ণাঙ্গ শহরভিত্তিক লাইব্রেরি স্থাপন করতে হবে। স্থায়ী ব্যবস্থা না হওয়া পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটকে অস্থায়ী লাইব্রেরি হিসেবে ব্যবহারের অনুমতি দিতে হবে।”

সংবাদ সম্মেলনে চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ লিখিত বক্তব্যে বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, কার্যকর ও শিক্ষাবান্ধব লাইব্রেরি গড়ে তুলতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি জানান, এর অংশ হিসেবে ব্যক্তিগত বই নিয়ে পড়াশোনার সুবিধায় আলাদা রিডিং কর্নার চালু করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে লাইব্রেরিতে জেনারেটর স্থাপন করা হয়েছে। ছাত্রীদের জন্য পৃথক ও প্রশস্ত নামাজ কক্ষের ব্যবস্থা করা হয়েছে এবং ওয়াশরুম ও অজুখানার উন্নয়নকাজে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে। এছাড়া, লাইব্রেরির পাশে বড় আকারের ওপেন স্টাডি স্পেস তৈরি করা হয়েছে।

তিনি আরো বলেন, “নতুন লাইট ও ফ্যান সংযোজন, চেয়ার-টেবিল বাড়িয়ে আসনসংখ্যা বৃদ্ধি, লাইব্রেরির সময় বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা এবং শিক্ষার্থীদের সুবিধার্থে কফিশপ চালু করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চাকসুর সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা এবং চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান ও আদনান শরীফ।

ঢাকা/মিজানুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়