ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আবারো নাইন্টিজে আউট সূর্যবংশী, গিলের সেঞ্চুরিতে ফাইনালে গুজরাট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ৩০ মে ২০২৬   আপডেট: ০৯:০৪, ৩০ মে ২০২৬
আবারো নাইন্টিজে আউট সূর্যবংশী, গিলের সেঞ্চুরিতে ফাইনালে গুজরাট

বৈভব সূর্যবংশী

ঠিক যেন আগের ম্যাচের রিক্যাপ। যেভাবে ৯৭ রানে আউট হয়েছিলেন বৈভব সূর্যবংশী, গতকাল ঠিক সেভাবেই কাটা পড়লেন ৯৬ রানে। শর্ট বল আপারকাট খেলতে গিয়ে থার্ডম্যানে ধরা পড়েন তিনি। টানা দুই ম্যাচে সেঞ্চুরি মিস ভারতের বিস্ময়বালকের।

আগের দিন সেঞ্চুরি না পেলেও দল জিতেছিল। তাই, হাসি ছিল চওড়া। কিন্তু, এবার দল হারল। এমন ম্যাচে হারল যেখানে শেষ হয়ে গেল সূর্যবংশীর আইপিএলের শিরোপার স্বপ্ন। 

আরো পড়ুন:

রাজস্থান রয়্যালসকে হারিয়ে আরেকটি আইপিএলের ফাইনালে গুজরাট। সেখানে আগে থেকে বসে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার (৩১ মে) হবে শিরোপার ফয়সালা।

শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সূর্যবংশীর ৯৬ রানের ইনিংসে ভর করে রাজস্থান রয়্যালস ৬ উইকেটে ২১৪ রান করে। জবাবে অধিনায়ক শুভমান গিলের ১০৪ রানের ইনিংসে ৭ উইকেটের বিশাল জয় পায় গুজরাট।

ক্রিকেটে এখন সূর্যবংশী টক অব দ্য ওয়ার্ল্ড। ২২ গজে তিনি নামবেন মানেই চার-ছক্কার ফুলঝুরি। কিন্তু গতকালের ইনিংসটি তেমন ছিল না। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে দুই উইকেট হারায় রাজস্থান। তাই, সাবধানী ব‌্যাটিং করেন তিনি। আগের ম‌্যাচে যেখানে ২৯ বলে ৯৭ রান করেছিলেন, গতকাল সেখানে ৩১ বলে ফিফটি পূর্ণ করেন। ফিফটি পর্যন্ত তিনি ছক্কা মারেন কেবল দুটি।

এরপরই খোলস ছেড়ে বেরিয়ে আসেন। পরের চার ওভারে ছক্কা হাঁকান পাঁচটি। তাতে সম্ভাবনা তৈরি হয় সেঞ্চুরির। কিন্তু, সেই একই পুনরাবৃত্তি। আবার নার্ভাস নাইন্টিজের শিকার তিনি। সব মিলিয়ে তিনবার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন। এবারের আসরে সেঞ্চুরি পেয়েছেন একটি, নয়তো চার সেঞ্চুরিতে ভাস্বর হয়ে থাকতেন তিনি।

এই ইনিংস খেলার পথে আইপিএলে দ্রুততম হাজার রানের মালিক হয়েছেন সূর্যবংশী। তার হাজার রান পেতে বল লেগেছে ৪৪০টি। ৫৪৫ বলে হাজার ছুঁয়ে এতদিন রেকর্ডটি ছিল ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলের।

ডাবল পেসের উইকেটে রাজস্থান শেষ পর্যন্ত দুইশ রান পায় ডোনোভান ফিরেরিয়ার ব‌্যাটে। ১১ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ২০তম ওভারে রশিদ খানকে ৪টি ছক্কা উড়ান এই ব‌্যাটসম‌্যান। তাতে লড়াকু পুঁজি পায় রাজস্থান।

কিন্তু, বোলারদের বোলিংয়ে ছিল না তেজ। উদ্বোধনী জুটি তারা ভেঙেছে ১৩তম ওভারে। তাও সাই সুদর্শনের ভুলে। টানা দ্বিতীয় ম‌্যাচে ব‌্যাট তার গ্লাভস থেকে ফসকে, উড়ে স্টাম্পে আঘাত করে। হিট উইকেটে তিনি ফেরেন সাজঘরে। উদ্বোধনী জুটিতে গিল ও সুদর্শন ১৬৭ রান করেন।

সুদর্শন ৫৮ রানে ফিরলেও গিল তুলে নেন সেঞ্চুরি। এর মাধ্যমে তিনি অনন‌্য রেকর্ডও গড়েছেন। প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলের প্লে-অফে দুটি সেঞ্চুরির কীর্তি গড়লেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। ২০২৩ সালে দ্বিতীয় কোয়ালিফায়ারেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬০ বলে ১২৯ রান করেছিলেন তিনি একই দলের হয়ে। আজ ১৫ চার ও ৩ ছক্কায় ৫৩ বলে করেছেন ১০৪ রান। সেঞ্চুরির পর তাকে থামান আর্চার। জয়ের বাকি কাজ সারেন বাটলার ও টেউটিয়া। দারুণ সেঞ্চুরিতে ম্যাচ সেরাও নির্বাচিত হন গিল।

ম্যাচ হারায় সূর্যবংশীর মুখে হাসি টেকেনি। তবে, রেকর্ডের মালা তার গলায় ঠিকই আছে। ১৬ ইনিংসে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে আসরের সর্বোচ্চ ৭৭৬ রান করেছেন। আইপিএলের এক আসরে আগের সর্বোচ্চ ক্রিস গেইলের ৫৯ ছক্কার রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়েছেন সূর্যবংশী। তার ছক্কার সংখ্যা ৭২টি।

ঢাকা/ইয়াসিন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়